২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরের মধ্যে সিজিএভুক্ত কার্যালয়গুলোকে কম্পিউটার নেটওর্য়াকের আওতায় আনা হচ্ছে

আগামী বছরের মধ্যে হিসাব মহানিয়ন্ত্রক’র (সিজিএ) আওতাধীন সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়গুলোকে কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে এর আওতাধীন সকল কার্যালয়কে ওয়াইড এরিয়া নেটওর্য়াকের (ডাব্লিউএএন) মাধ্যমে কম্পিউটার সংযোগ দেয়া হবে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের সকল হিসাবরক্ষণ, অডিট এবং বাজেট সংক্রান্ত কার্যালয়গুলো এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। মঙ্গলবার সিজিএ’র উদ্যোগে ’ওয়াইড এরিয়া নেটওর্য়াক কৌশল’ র্শীষক সেমিনারে আলোচকরা এ কথা জানান।

সেমিনারে বক্তব্য রাখেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আসিফ আলী, হিসাব মহানিয়ন্ত্রক ফারুক মো. সিদ্দিকী ও অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) আবদুস সামাদ। সেমিনারে ডব্লিউএএন কৌশল উপস্থাপন করেন সিনিয়র সিস্টেম অ্যানালিষ্ট আয়ুবুর রহমান। এ সময়ে সিজিএ’র আওতাধীন সকল সিএও এবং ডিসিএ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আসিফ আলী বলেন, বর্তমানে কনসোলিডেট হিসাবরক্ষণ পদ্ধতির পরির্বতে ট্রানজেকশন হিসাবরক্ষণ প্রবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এ পদ্ধতিতে হিসাবরক্ষণে সরকারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি করবে।

তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতিও হ্রাস পাবে। কারণ এই পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে বিল ও ভাউচার তৈরি করা যাবে।

বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আধুনিক পদ্ধতিতে হিসাব রক্ষণের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি সকল কর্মকতাকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের নির্দেশ দেন।

ফারুক মো. সিদ্দিকী বলেন, ডব্লিউএএন স্থাপিত হলে অর্থ ব্যয় ও এর হিসাব রক্ষণ কাজে নিযুক্ত সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ইউনিটগুলোর সঙ্গে সিজিএ কার্যালয়ের সাভারের সঙ্গে সংযোগ হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি অন লাইন যোগাযোগ স্থাপিত হবে।

তিনি সরকারি হিসাবের নির্ভুলতা ও হিসাবের মান উন্নয়নের জন্য ট্রানজেকশন হিসাবরক্ষণ ও ডব্লিউএএন চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। ফলে সরকারের দৈনন্দিন ব্যয়সহ সকল হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

আয়ুবুর রহমান বলেন, ডব্লিউএএন বা কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের আগে সকল হিসাব সংরক্ষণ ইউনিটগুলোতে ট্রানজেকশন হিসাবরক্ষণ চালু করতে হবে।

তিনি বলেন, ডব্লিউএএন স্থাপিত হলে এটা হবে সরকারি পযায়ে বৃহৎ উদ্যোগ।এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ফিন্যান্সিয়াল সিস্টেম ম্যানেজম্যান্ট ইউনিট (এফএসএমইউ) স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত হবে।

আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচীর (এফএমআরপি) আওতায় ডব্লিউএএন তৈরি হচ্ছে। ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআইডি এফএমআরপি এ কার্যক্রমে আর্থিক সহায়তা করছে।