‘জনগণ খাবারের নামে বিষ কিনছে’
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, মুক্তবাজার অর্থনীতির নামে দেশে ফ্রি-স্টাইল মার্কেট চলছে।
এর পুরো ফায়দা লুটছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। জনগণ কষ্টার্জিত অর্থ ব্যয় করে খাবারের নামে বিষ কিনছে। এসবের কারণে দেশের লিভার, কিডনি, হার্ট ও জন্ডিসের প্রকোপ বেড়েছে।
সেগুনবাগিচার ক্যাব সম্মেলন কক্ষে মঙ্গলবার বিভিন্ন ব্র্যান্ডে জুসের মান নিয়ে ঢাকার জাতীয় সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাবের সহ-সভাপতি হুমায়ুন কবীর। বিভিন্ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার এমদাদ হোসেন মালেক।
আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক কাজী ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবম ফারুক, অধ্যাপক ড. হারুন ইউসুফ, ইব্রাহিম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এমএ সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা লেবেলিং নীতিমালা বাস্তবায়ন, সুষ্ঠু বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন সংসদে উত্থাপন এবং পাশের দাবি জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাব সম্প্রতি আটটি কোম্পানির ১২টি ব্র্যান্ডের জুস সংগ্রহ করে বিএসটিআইতে মান পরীক্ষার জন্যে পাঠায়। এর মধ্যে ১১টির বিএসটিআই’র মান সনদ রয়েছে এবং একটির ছিল না।
জুসগুলো হচ্ছে-একমি এগ্রোভেট’র অরেঞ্জ ও ম্যাঙ্গো জুস, পারটেক্স’র ম্যাঙ্গো জুস, ব্র্যাক ডেইরি’র ম্যাঙ্গো জুন, প্রাণের অরেঞ্জ ফ্রুটস ড্রিংকস, ম্যাঙ্গো জুস ও অরেঞ্জ জুস, আবুল খায়ের গ্রুপের কনডেন্সড মিল্ক, হাসেম ফুডের ম্যাঙ্গো জুস ও সেজান জুস এবং সিনহা ফুডের ম্যাঙ্গো জুস।
এতে বলা হয়েছে, ১২টির মধ্যে আটটিই মানহীন বলে বিবেচিত হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মালিকানাধীন একমির অরেঞ্জ জুস ও আবুল খায়ের কনডেন্সড মিল্কের অরেঞ্জ জুসে কোনো ফলের রসের লেশমাত্র নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৯৭ শতাংশ জুসের মধ্যেই ফলের রস বলে কোনো কিছু নেই। এমনকি প্যাকেটের গায়ে থাকা ছবির কোনো ফলের রসই এগুলোতে থাকে না। ৪১ দশমিক ৬৬ শতাংশ জুস’র প্যাকেটের গায়ে কোম্পানির ঠিকানা থাকে না। ৫৮ দশমিক ৩৪ শতাংশে উপাদানের হার লেখা থাকে না।
৯১ দশমিক ৬৬ শতাংশ পণ্য বিএসটিআইর মানচিহ্ন থাকলেও এর ৬৬ দশমিক ৬৬ ভাগ পণ্যের মানই বিএসটিআইতে মানহীন বলে উল্লেখ করা হয়েছে। এসব পণ্যের সনদ গ্রহণের জন্যে বিএটিঅইতে যে স্যাম্পল পাঠানো হয়, তার সাথে বাজারের পণ্যের কোনও মিল নেই।
