২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটামুক্ত সময়ে মার্কিন বাজারে বাংলাদেশের নিটওয়্যার রপ্তানি বেড়েছে ১৬৯ শতাংশ

মার্কিন বাজারে কোটামুক্ত সময়ে প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় নিটওয়্যার রপ্তানি ১৬৯ শতাংশ ও ওভেন গার্মেন্টস রপ্তানি ১৮ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গত অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৩৭ কোটি ও ১৪৪ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়,এ সময়ে দু’খাতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৭৯ শতাংশ ও ১৬ শতাংশ।

মার্কিন বাজারে কোটামুক্ত সময়ে সকল আশঙ্কার বিপরীতে গত কয়েক মাস ধরে অস্বাভাবিক দ্রুতগতিতে নিটওয়্যার রপ্তানি হচ্ছে। এ খাতের রপ্তানি বৃদ্ধির গতির সঙ্গে চীনের অবস্থা তুলনাযোগ্য। যদিও ২০০৪ অর্থবছরে নিটওয়্যার রপ্তানি ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের নিটওয়্যার রপ্তানির পরিমান ছিলো দেশটিতে বাংলাদেশের মোট নিটওয়্যার রপ্তানির ১৪ শতাংশ।

নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বিডিনিউজকে বলেন, মার্কিন বাজারে দেশের নিট রপ্তানির ভিত্তি এমনিতেই সবল নয়। ২০০৪ সালে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিটওয়্যার রপ্তানি অবস্থা মোটেই ভাল ছিল না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধির হার অস্বাভাবিক হওয়ার পরও পাঁচ মাসে রপ্তানি হয়েছে ১৫ কোটি ডলার।

অন্যদিকে, গত কয়েক বছর ধরে ওভেন গার্মেন্টস রপ্তানি ক্রমাগত হ্রাস পাওয়া ও কোটা উঠে যাওয়ায় বিশ্লেষকরা আশঙ্কা করেছিলেন, মার্কিন বাজারে নিট ও ওভেন খাতে রপ্তানি ক্রমশ কমতে থাকবে। কিন্তু কোটামুক্ত সময়ে নিট ও ওভেন খাতে রপ্তানি বাড়ার ঘটনায় বিশ্লেষকদের ধারনা ভুল প্রমানিত করেছে।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজকে বলেন, গত কয়েক বছর টাকার অবমূল্যায়নের কারণে সামগ্রিকভাবে নিটওয়্যার শিল্প অন্য দেশের প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি দক্ষতা অর্জন করেছে। পাশাপাশি অর্থনীতিতে গত দু বছরে উচ্চ প্রবৃদ্ধির কারণে মার্কিনীদের ক্রয় ক্ষমতা বেড়েছে। ফলে উভয় খাতের রপ্তানিতে ইতিবাচক প্রভাব রেখেছে।

তিনি বলেন, নিটওয়্যার খাতে কোটামুক্ত সময়ে আগের তুলনায় অধিক মূল্য সংযোজন হওয়ায় ভবিষ্যতে রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি সম্ভাবনাই বেশি।

নিট ও ওভেন খাতে মার্কিন বাজারে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল ২০০১-০২ অর্থবছরে। এরপর ক্রমাগত তিন বছর যুক্তরাষ্ট্রের বাজারে ওভেন ও নিট রপ্তানি হ্রাস পেলেও গত অর্থবছরে আবারও এ দু’খাতে রপ্তানি বৃদ্ধি পায়। যদিও গতবছরের ১১ মাসের মোট নিট রপ্তানি ২০০১-০২ অর্থবছরের সমান। ২০০৩-০৪ অর্থবছরে ছাড়া সব সময়েই ওভেন রপ্তানিতে মার্কিন বাজারের প্রাধান্য ছিল।