কোনও সমিতির কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য নই: বিটিএমএ সভাপতি
বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান এমএ আউয়াল বুধবার বলেছেন একদল গার্মেন্টস ব্যবসায়ী কর্তৃক বণ্ড সুবিধার অপব্যবহার নিয়ে তিনি যে মন্তব্য করেছেন কোনও ব্যাবসায়ী সমিতিকে তার ব্যাখ্যা দিতে তিনি বাধ্য নন।
বিডিনিউজকে তিনি বলেন, ‘সরকারি কাগজপত্রের ওপর ভিত্তি করে আমি এ মন্তব্য করেছি, এ কথা মোটেই ভিত্তিহীন নয়।’
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এণ্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এমএ আউয়ালের ওই মন্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিটিএমএ চেয়ারম্যান এ সপ্তাহের গোড়ার দিকে বলেছেন, তৈরি পোশাক রপ্তানিকারকরা বন্ড সুবিধার অপব্যবহার করছে এবং বিদেশী কাপড়ে দেশী বাজার সয়লাব করে দিচ্ছে, যা স্থানীয় বাজারকে চরম দুদর্শার দিকে ঠেলে দেবে।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ডেকে এমএ আউয়ালের কাছ থেকে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেন নতুবা ক্ষমা চাইতে বলেন। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণেরও হুমকি দেন।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক বুধবার পৃথক সংবাদ সম্মেলন ডেকে এ ধরনের মন্তব্যের পেছনে প্রমান উপস্থাপন করতে বলেন নচেৎ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার দাবি জানান।
এদিকে এমএ আউয়াল বলেন, আমি ব্যক্তিগতভাবে কারো নাম উল্লেখ করে এ মন্তব্য করিনি। কিন্তু বিজিএমইএ ও বিকেএমইএ সভাপতি উভয়ই ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে কথা বলছেন।
তিনি বলেন, আমি তাদের বিরুদ্ধে কিছু বলিনি, জনগণই তার বিচার করবে।
শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে এ ধরনের দ্বন্দ্ব দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে কি না এমন এক প্রশ্নের জবাবে আউয়াল বলেন, “আমি দেশের বস্ত্র খাতের প্রতিনিধিত্ব করি, শিল্পের স্বার্থের পরিপন্থী কোনও বিষয়ে আমাকে অবশ্যই কথা বলতে হবে।”
