২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই-বাংলাদেশ যৌথ উদ্যোগে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে : থাই রাষ্ট্রদূত

থাইল্যান্ড ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অচিরেই চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে। এ লক্ষ্যে থাইল্যান্ডের  বিখ্যাত প্রতিষ্ঠান ইএমসি‘র সাথে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত সুপাত চিত্রানুক্রহ চট্টগ্রাম চেম্বারে থাই-বাংলা বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের সাথে চেম্বার সদস্যদের মতবিনিময় সভায় এ কথা জানান।

 তিনি বলেন,  কৃষি খাত এবং হিমায়িত  মৎস্য খাতের বিকাশে অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থান হচ্ছে চট্টগ্রাম।  তাই এই  দুইটি খাতে যৌথভাবে শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির  ভারপ্রাপ্ত সভাপতি  এম.এ. লতিফ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন,  ২০০৩-২০০৪ অর্থ বছরে বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানী করেছে ২২.৭৯ মিলিয়ন মার্কিন ডলার  এবং আমদানী করেছে ২৩৬.৯০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান পণ্য। এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে তিনি প্রতিনিধিদলকে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ভৌগলিক অবস্থান, বন্দর, সস্তা শ্রমসহ বিবিধ সুবিধাদির কারণে চট্টগ্রাম বিনিয়োগের জন্য অত্যান্ত আকর্ষনীয় স্থান। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুসারে বাংলাদেশ সরকার বর্তমানে বিদেশী বিনিয়োগকারিদের বিভিন্ন আকর্ষনীয় সুবিধা প্রদান করছে। তিনি প্রতিনিধিদলের সদস্যদের এসব সুবিধা ব্যবহার করে একক কিংবা যৌথ উদ্যোগে বিভিন্ন খাতের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনুরোধ জানান।

সভায় চেম্বার পরিচালক  মোঃ আমিরুল হক, সৈয়দ জামাল আহমেদ, ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, মাহবুব আলী, মাহফুজুল হক শাহ, হাসানুজ্জামান চৌধুরী, নাসির উদ্দীন চৌধুরী, এস.এম. নুরুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিনিধিদল নেতা মিংপান্ট চায়াভিচিটসিল্প  থাইল্যান্ড ও বাংলাদেশের বন্ধুপ্রতীম সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য ঘাটতি  হ্রাসে উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, চট্টগ্রাম চেম্বার আগ্রহী হলে এখানকার শ্রমিক এবং নার্সদের থাইল্যান্ডে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিল্প পণ্য মেলা এবং সিংগেল কান্ট্রি ট্রেড ফেয়ারে অংশ গ্রহনের মাধ্যমে বাংলাদেশী উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতাদের সাথে মতবিনিময়ের সুযোগ গ্রহণ করতে পারেন। তিনি চট্টগ্রামে হর্টি কালচার, ফুড প্রসেসিং এবং হালাল খাদ্য উৎপাদনে যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের সম্ভাবনার প্রসংগ তুলে ধরেন। আগামী মাসে থাই টেক্সটাইল খাতের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে তিনি জানান। 

চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী  বলেন, বিগত বছরগুলোতে থাইল্যান্ডের কয়েকটি বাণিজ্য প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করলেও দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে থাই বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পায়নি। তিনি চট্টগ্রামে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের  জন্য অনুরোধ জানান।

 মতবিনিময় সভার দ্বিতীয় পর্বে থাই-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বিষয়ে একটি সেমিনার এবং উভয় দেশের ব্যবসায়ীদের অংশ গ্রহনে ওয়ান-টু-ওয়ান বিজনেস মিটিং অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চেম্বারের পরিচালক নাদের খান, চট্টগ্রামে নিযুক্ত থাইল্যান্ডের অনারারী ট্রেড এডভাইজার জসিম ইউ আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি এস.এম. মাহবুবুল ইসলাম টুকুসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও চেম্বার সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।