২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ প্রতিবছর এক লাখ হেক্টর আবাদি জমি হারাচ্ছে

দ্রুত শিল্পায়ন ও জনসংখ্যার বৃদ্ধির কারণে বাংলাদেশ প্রতিবছর এক লাখ হেক্টর আবাদি জমি হারাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক ইব্রাহিম কামাল বলেন, আবাদি জমির পরিমাণ কমে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বর্তমানে বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ ৮৬ লাখ হেক্টর। যার মধ্যে শতকরা ৭৫ ভাগ জমিতে ধান,  শতকরা ৪ দশমিক ৬ ভাগ জমিতে ডাল, শতকরা ৩ দশমিক ৯২ ভাগ জমিতে গম, শতকরা ৩ দশমিক ৭৭ ভাগ জমিতে তেলবীজ, শতকরা ৩ দশমিক ৭১ ভাগ জমিতে পাট, শতকরা ১ দশমিক ২৩ ভাগ জমিতে চিনি, শতকরা ১ দশমিক ১১ ভাগ জমিতে আলু, শতকরা দশমিক ৮৪ ভাগ জমিতে ফল এবং শতকরা ১ দশমিক ৩৯ ভাগ জমিতে সবজি চাষ হয়।

১৯৮৯ সালে বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ ছিল ৯৫ দশমিক ৮২ লাখ হেক্টর, যা কমে ১৯৯১ সালে এসে দাঁড়ায় ৯১ দশমিক ৩৭ লাখ হেক্টর এবং ১৯৯৫ সালে ৮৭ লাখ হেক্টর।

ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানইজেশন’র(এফএও) মতে,  বাংলাদেশের আবদি জমির পরিমাণ যেখানে কমছে, সেখানে ভারত ও পাকিস্তানের আবাদি জমির পরিমাণ বাড়ছে।

সূত্র মতে, বাংলাদেশের মাথা পিছু আবাদি জমির পরিমাণ ২০ শতাংশেরও কম। যা বিশ্বের সর্বনিু মাথাপিছু আবাদি জমিগুলোর অন্যতম।

ডিএই’র মহাপরিচালক মঙ্গলবার বিডিনিউজকে জানান, অগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে  ডিএই দশ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্য দিয়ে সার ও বীজ ব্যবহারের মাধ্যমে উপাদন বৃদ্ধিসহ শষ্যের বহুমুখিতা অর্জন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, এই লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষিত করে তুলতে হবে, আর এ কারণে   ৬০ উপজেলার কৃষকদের প্রশিক্ষণের জন্যে সরকার সোমবার একটি কর্মসূচি অনুমোদন করেছে।

জানা যায়, স্বাধীনতাপূর্ব সময়ে বাংলাদেশে ধানের মোট উৎপাদন ছিল ১ দশমিক ২ কোটি টন, যেখানে স্বাধীনতার পর বর্তমানে ধানের উৎপাদন দাঁড়িয়েছে তিন কোটি টন। তারপরও আমাদের প্রচুর চাল আমদানি করতে হয়।

মহাপরিচালক আরও বলেন,  মন্ত্রণালয়ের রাজস্ব ব্যয়সহ কৃষিক্ষেত্রে মাত্র ২ দশমিক ৪ ভাগ বাজেট বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।