২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাজীবনের সঞ্চিত অর্থ মাতৃভূমিতে বিনিয়োগ করে সর্বস্বান্ত প্রবাসী ব্যবসায়ী

সারাজীবনের সঞ্চিত অর্থ মাতৃভূমি বাংলাদেশে বিনিয়োগ করে প্রতারণা আর ষড়যন্ত্রে সর্বস্বান্ত হয়ে আমেরিকা ফিরে যাচ্ছেন প্রবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ী ফজলুর রশীদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি বলেন, প্রবাসে ৩৪ বছরে যা উপার্জন করেছিলাম, প্রধানমন্ত্রীর আহ্বান আর মাতৃভূমির টানে তার সবটুকুই বিনিয়োগ করেছিলাম দেশে। কিন্তু রাজনৈতিক আশীর্বাদপুষ্ট প্রতারকচক্রের কারণে আজ আমি নিঃস্ব। এক বুক হতাশা নিয়ে ফিরে যাচ্ছি আমেরিকায়।

তিনি বলেন, প্রতারণা, কৃত্রিম শ্রমিক অসন্তোষ আর এক শ্রেণীর সরকারি কর্মচারীর জালিয়াতির কারণে ১২ কোটি টাকা লোকসান দিয়ে ব্যবসা গুটাতে বাধ্য হয়েছি। আমার জীবনের সব সঞ্চয় দেশে বিনিয়োগ করে আজ সর্বস্বান্ত।

ফজলুর রশীদ বলেন, দেশে যদি এ ধরনের পরিবেশ বিরাজ এর, তাহলে প্রবাসী বাঙালীরা বাংলাদেশে বিনিয়োগতো দূরের কথা, এদেশ থেকে চিরদিনের জন্যে চলে যাবেন।

তিনি জানান, তিনি ১৯৯৯ সালে সিলেটের মৌলভীবাজারের প্রায় রুগ্ন চা বাগান মৌলভী টি কোম্পানী (প্রাইভেট) লি. ছয় কোটি টাকায় ক্রয় করেন। পরে বাগানটির আধুনিকায়ন এবং আধুনিক য›ত্রপাতি সংযোজনের জন্যে আরও কয়েক কোটি টাকা বিনিয়োগ করেন।

‘বিদেশ থেকে আয় করা সব মিলিয়ে ১২ কোটি টাকার মত অর্থ খুবই উচ্চাশা নিয়ে দেশে বিনিয়োগ করেছিলাম’, তিনি বলেন।

তিনি আরও বলেন, বাগান ক্রয় করার পর সেটি আমার খালাতো ভাইকে দিই দেখাশোনা করার জন্যে। কারণ, আমেরিকা থেকে বারবার এসে ব্যবসা তদারক করা আমার পক্ষে কঠিন ছিলো। এর মধ্যে আমার খালাতো ভাই সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ সুযোগে বাগানের প্রধান উপদেষ্টা এম এ মুহাইমেন খান বাগানটিতে ইচ্ছাকৃতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করেন। তিনি বাগানের ভাল চা গোপনে বিক্রি করে খারাপ চা কারখানায় রেখে কোম্পানিকে লোকসানি খাতে পরিণত করে।

এ অবস্থায় আমি বাধ্য হয়ে বাগানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু যখনই বাইরে থেকে কোনও ক্রেতা বাগান পরিদর্শনে যেতো, কুচক্রী মহলটি বাগানে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতো। ফলে বাইরে থেকে কোনো বিনিয়োগকারী বাগানটি কিনতে সাহস পেতো না। ফলে আমি বাধ্য হয়ে বাগানটি মোহাইমেনের কাছেই মাত্র ছয় কোটি টাকায় বিক্রি করতে বাধ্য হই।

তিনি জানান, চুক্তির শর্ত অনুযায়ী মুহাইমেন তাকে এক কোটি টাকা দেন এবং কৃষি ব্যাংকের ঋণ বাবদ আড়াই কোটি টাকা প্রদান করেন। বাকি দেড় কোটি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেন। চুক্তি অনুযায়ী সময়মতো টাকা পরিশোধ করতে না পারলে মুহাইমেন তাকে সুদসহ টাকা প্রদান করবেন বলে অঙ্গীকার করেন। পুরো টাকা প্রদান না করায় বাগানের এক তৃতীয়াংশ পরে মুহাইমেনকে হস্তান্তর করা হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়।

ফজলুর রশীদ বলেন, কিন্তু মোহাইমেন আমার স্বাক্ষর নকল করে এক তৃতীয়াংশ শেয়ার সরকারি কর্মচারীদের অর্থাৎ রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানী অ্যান্ড ফার্মের এক শ্রেণীর দুর্নীতিপরায়ন কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে নিজ নামে হস্তান্তর করে নেয়।

তিনি জানান, এ ঘটনায় তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি পিটিশন মামলা (৮০৮/২০০৫) এবং মতিঝিল থানায় একটি মামলা করেন (মামলা নং ৮৯/৬/০৫)। এছাড়া ওই জালিয়াত চক্রের বিরুদ্ধে সিলেটের জেলা আদালতেও মানি কেইস ১২/২০০৩ করেন। এটি দু বছর ধরে বিচারাধীন রয়েছে।

ফজলুর রশীদ খান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও মুহাইমেন বাগান বাবদ আমার বকেয়া টাকা না দিয়েই পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ভায়রা আজমত মঈন এবং তার স্ত্রী নাজমা মঈনের কাছে বাগানটি বিক্রি করে দেন। ফলে আমি বাদবাকি টাকা ফেরত পাবো কি-না, তার কোনও আশা নেই। কেননা মুহাইমেনের বিরুদ্ধে যে মামলাগুলো করেছি, সেগুলো কতদিন ধরে চলবে, তারও কোন ঠিক নেই।

তিনি অভিযোগ করেন, মুহাইমেন এখন তাকে টেলিফোনে হুমকি দিচ্ছে।