২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা লংঘন করে ওষুধ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

নীতিমালা লংঘন করে সরকার নিজেই এমন ওষুধ আমদানির অনুমতি দিচ্ছে যা দেশের একাধিক কোম্পানি উৎপাদন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 02:07 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ওষুধ আমদানি নিয়ন্ত্রণ কমিটি সম্প্রতি এর ২৩০ তম সভায় একটি প্রতিষ্ঠানকে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির অনুমতি দিয়েছে যা দেশের ১০ টি কোম্পানি উৎপাদন ও বাজারজাত করছে।

ওষুধ নীতি অনুযায়ী আমদানিকৃত ওষুধ রেজিষ্ট্রেশন প্রদানের ক্ষেত্রে উন্নত সাতটি দেশ-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অষ্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড এর মধ্য থেকে যে কোনো একটি এবং তালিকা ভুক্ত ২৪টি উন্নয়নশীল দেশের মধ্য থেকে অপর একটি দেশের ফ্রি সেলস সার্টিফিকেট জমাদান বাধ্যতামূলক।

কিন্তু মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সার্টিফিকেট দেখিয়েই মাস র‌্যাপিড ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠান ওষুধটি আমদানির অনুমতি পেয়েছে।

একই ওষুধ আমদানির ক্ষেত্রে বি-ব্রাউন মালয়েশিয়া নামের অপর একটি প্রতিষ্ঠানের আবেদন এর আগে ওষুধ আমদানি নিয়ন্ত্রন কমিটি বাতিল করে দেয়।

ওষুধটির বৈজ্ঞানিক নাম ক্যাটারোলাক ট্রমিথামল। এ ওষুধ দেশী অন্তত: ১০টি প্রতিষ্ঠান উৎপাদন ও বাজারজাত করছে। এর মধ্যে রয়েছে স্কয়ার (টুরেক্্র), ইবনে সিনা (ইটোলাক), জেসন (ইমোডাল), এসিআই (ক্যাটালাক), ওরিয়ন (ক্যাটারিন) এবং রেনেটা (রোলাক)।

দেশীয় বাজারের চাহিদার তুলনায় কোম্পানিগুলোর সরবরাহও যথেষ্ট।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নীতি বহির্ভূত আমদানির অনুমতি প্রদানের নেপথ্যে ওষুধ প্রশাসন পরিদপ্তরের একটি অসাধু চক্রের যোগসাজস রয়েছে।

ওষুধ শিল্প সমিতির সহ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজকে বলেন, ওষুধ নীতি উপেক্ষা করে নিয়ম বহিভূর্ত ভাবে অপ্রয়োজনীয় ওষুধ আমদানির ফলে দেশীয় ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, বাংলাদেশের ওষুধ নীতি অনুযায়ী দেশীয় তিনটি প্রতিষ্ঠান যদি কোনো ওষুধ উৎপাদন করে তাহলে ওই ওষুধ আমদানী করা যাবে না ।

ওষুধ প্রশাসন পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আলিমুজ্জামান বিডিনিউজকে জানান, ওষুধ আমদানির ক্ষেত্রে আগের তালিকা বহাল রয়েছে। ওষুধ আমদানির নতুন কোনো নীতিমালা করা হয়নি।