চীনে ব্যক্তি মালিকানাধীন এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটের সূচনা
চীনের বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাবার পর ব্যক্তিমালিকানাধীন স্প্রিং এয়ারলাইন্স সোমবার তাদের প্রথম ফ্লাইটের সূচনা করেছে।
চীনের বেসামরিক বিমান চলাচল কর্র্তপক্ষের কাছ থেকে অনুমোদন পাবার পর ২০০৪ সালের ২৬ মে থেকে স্প্রিং এয়ারলাইন্স কাজ শুরু করে। এর পর প্রায় ১১ মাস বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাবার জন্য স্প্রিং এয়ারলাইন্সকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে আসতে হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা, ফ্লাইটের মান, বিমানের খুঁটিনাটি পরীক্ষা, ফ্লাইটের বিবরণ, কম্পিউটার প্রশাসন ও কেবিন সেবা।
স্প্রিং এয়ারলাইন্সের মুখপাত্র লি উইমিং বলেন, ইজারায় প্রাপ্ত এয়ারবাস-৩২০ এয়ারক্র্যাফট-এর প্রথম ফ্লাইটটি সাংহাই থেকে ইয়ানতাই, নানচাং, মিয়ানইয়াং ও গুইলিন যাবে। ইতোমধ্যে ফ্লাইটের সকল টিকিট বিক্রি হয়ে গেছে বলে লি জানান।
চীনের ব্যক্তিমালিকানাধীন চারটি বিমান সংস্থার একটি হিসেবে স্প্রিং এয়ারলাইন্স বিমান পরিচালনায় নতুনত্ব আনতে যাচ্ছে বলে বিমান পরিবহন কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
