২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্যে ৪টি দাতাসংস্থার সহায়তা কৌশল প্রণয়নের পরিকল্পনা

বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বেশিরভাগ দাতা সংস্থা আগস্টের মাঝামাঝি থেকে একটি সহায়তা কৌশল প্রণয়নের পদক্ষেপ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ব্রিটিশ ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) শীর্ষ কর্মকর্তারা রোববার সাংবাদিকদের একথা জানান। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। অন্যদিকে, দাতা সংস্থা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক।

ইসমাইল জাবিউল্লাহ বলেন, এটি আসলে সরকার ও দাতা গোষ্ঠীর যৌথ পদক্ষেপ। তিনি বলেন, এর ফলে বাংলাদেশ ও দাতা সংস্থা উভয়ই লাভবান হবে।

ক্রিস্টিনা ওয়ালিক বলেন, দারিদ্র্য নিরসন কৌশলপত্রের ভিত্তিতে চার বছরের জন্যে সহায়তা কৌশল (সিএএস) তৈরি করা হবে ।

এর আগে সাহায্য প্রদানের ক্ষেত্রে দাতাগোষ্ঠী ও সরকারের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল।