থাইল্যান্ডের বাজারে ১২৯ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির সরকারকে ১২৯টি বাংলাদেশী প্রণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য অনুরোধ জানিয়েছেন।
ঢাকাস্থ থাই দূতাবাস, বাংলাদেশ থাইল্যান্ড চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) ও থাইল্যান্ড-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (টিবিবিসি)-র যৌথ আয়োজনে ‘বাংলাদেশ- থাইল্যান্ড : বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
সেমিনারে ঢাকাস্থ থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুফাত চিত্রাউকরোহ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, টিবিবিসি প্রেসিডেন্ট মিংপান্ত চানিয়াভিচিতস্লিপ প্রমুখ বক্তব্য রাখেন। এতে টিবিসিসিআই প্রেসিডেন্ট রাশেদ মওদুদ সভাপতিত্ব করেন।
সেমিনারে বাণিজ্যমন্ত্রী ঢাকা-ব্যাংকক বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে বাণিজ্য সংক্রান্ত আলোচনা, বাণিজ্য মেলা এবং দ’ুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বানিজ্যমন্ত্রী সেমিনারে বাংলাদেশের স্বাস্থ্য খাত, ফুল চাষ এবং পর্যটন খাতে আরো বেশি পরিমানে বিনিয়োগ করার আহবান জানান।
দ’ুদেশের অংশীদারিত্ব বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্য প্রযুক্তি, কৃষি, বিদ্যুৎ, অটোমোবাইল এবং কসমেটিক্স খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
এফবিবিসিআই প্রেসিডেন্ট আব্দুল আউয়াল মিন্টু থাইল্যান্ডের বাজারে সিরামিক পণ্য সামগ্রী, ওষুধ পত্রাদি থাইল্যান্ডের বাজারে ঝামেলাবিহীন প্রবেশাধিকারের আহবান জানান।
সরকারি সূত্রে বলা হয়েছে, ১৯৯১-৯২ সাল থেকে ২০০৩-০৪ সাল পর্যন্ত আমদানির প্রবৃদ্ধির হার ছিলো ছিল ১৭ দশমিক ৯৫ শতাংশ, অন্যদিকে রপ্তানি প্রবৃদ্ধি হার মাত্র ৯ দশমিক ১৯ শতাংশ।
২০০৩-০৪ সালে দু’ দেশের বাণিজ্য ঘাটতি ছিলো ২২০ দশমিক ৪০ মিলিয়ন ডলার।
সম্প্রতি থাই সরকার বাংলাদেশের ১২৯ টি পন্যের শুল্কমুক্ত সুবিধা এবং ২৩১ টি পন্যের হ্রাসকৃত শুল্কে সেদেশের বাজারে প্রবেশের ঘোষণা দেয়।
