জেবিসিসিইসি’র বৈঠকে অংশ নিতে এফবিসিসিআই প্রতিনিধিদলের জাপান যাত্রা
টোকিওতে আগামী ১৪ জুলাই অনুষ্ঠেয় জাপান - বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকনোমিক কোঅপারেশন (জেবিসিসিইসি)’র ১৪তম বৈঠকে অংশ নিতে এফবিসিসিআই’র ৪০ সদস্যের এক প্রতিনিধিদল সোমবার টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেছে।
বণিজ্য প্রতিনিধিদলের নেতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি আবদুল আউয়াল মিন্টু জেবিসিসিইসি সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দু’টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এর পর অনুষ্ঠেয় ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি বলেন, তিনি বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন। তিনি বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রদেয় সুযোগ - সুবিধাসমূহও বর্ণনা করবেন।
প্লেনারি সেশনগুলোতে বাংলাদেশ ও জাপানে বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, বাংলাদেশে শ্রমশক্তির সদ্ব্যবহার এবং বিদেশী সাহায্য ব্যবহার করে অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
