মন্ত্রণালয়ের বিবেচনার জন্য ট্যারিফ কমিশনের স্পর্শকাতর পণ্যের তালিকা সুপারিশ
সাফটার আসন্ন বিশেষজ্ঞ কমিটির বৈঠককে সামনে রেখে ট্যারিফ কমিশন স্পর্শকাতর তালিকা পর্যালোচনা করে তা অনুমোদনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কাঠমান্ডুতে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে শিগগিরই বৈঠকের আলোচ্য বিষয় কি হবে তার একটি তালিকা ও পন্থা চূড়ান্ত করা হবে।
সাফটার বিশেষজ্ঞ কমিটির বৈঠকে বাংলাদেশের অবস্থান কি হবে তা আলোচনার জন্য ট্যারিফ কমিশন বুধবার মুক্ত বাণিজ্য গ্রুপ, বাণিজ্য সংস্থাসমূহ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সকল স্টেকহোল্ডারদের সাথে একটি প্রস্তুতিমূলক বৈঠক করেছে।
আসন্ন বিশেষজ্ঞ কমিটির বৈঠক এ ধরণের নবম বৈঠক। সাফটার সদস্যরাষ্ট্রসমূহ তাদের স্বার্থ সংরক্ষণ করতে শিগগিরই স্পর্শকাতর তালিকাটি চূড়ান্ত করতে পারে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ ইতোমধ্যেই মোট ১,৩২২ টি পণ্যের একটি স্পর্শকাতর তালিকা তৈরি করে ফেলেছে। আগে এর পরিমাণ ছিল ১,৩০৬ টি। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা অ্যালকোহল ভিত্তিক একটি পণ্যসহ মোট ১৬টি সংরক্ষিত পণ্য সংযুক্ত করেছি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অপরদিকে ভারত ৯২৭টি, পাকিস্তান ১,১৫৭টি, শ্রীলংকা ১,০৬৫টি, নেপাল ১,৩১৫টি, ভূটান ১৩২ টি ও মালদ্বীপ ৫৮২ টি পণ্যের স্পর্শকাতর তালিকা তৈরি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, কাঠমান্ডুতে ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত নতুনভাবে আলোচনার সময় স্পর্শকাতর পণ্যের একটি চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দেশ সম্মত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বিডিনিউজকে জানান, বাংলাদেশ ভারতকে তার স্পর্শকাতর তালিকা ৩৮১ তে নামিয়ে আনতে অনুরোধ জানিয়েছে। এছাড়া ভূটানকে তার তালিকা ৩৬তে, মালদ্বীপকে ১৩৪, নেপালকে ৩৯৪, পাকিস্তানকে ২৮৬ এবং শ্রীলংকাকে ১৪৪তে কমিয়ে আনতে অনুরোধ করেছে বাংলাদেশ।
এর আগে স্পর্শকাতর তালিকা তৈরির ক্ষেত্রে সাফটার সদস্যরাষ্ট্রসমূহ তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একে অন্যের রপ্তানি পণ্যের তালিকা ছোট করার অনুরোধ জানায়।
রাজস্ব বৃদ্ধির কথা না ভেবে শিল্প কারখানা টিকিয়ে রাখার কথা বিবেচনা করে তারা চূড়ান্ত স্পর্শকাতর তালিকা প্রস্তুত করেছেন বলে জানান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ভূঁইয়া।
আমিনুল ইসলাম বলেন, আমাদের বিবেচনায় শিল্প কারখানাগুলোকে ছয় পয়েন্ট ও রাজস্বকে চার পয়েন্ট দেয়া হয়েছে। রাজস্ব, শুল্ক, কাঁচামাল ও বাণিজ্য বৈচিত্র্যের নির্দেশকসমূহ বিবেচনা করে বাংলাদেশ কোথায় এবং কিভাবে তার অন্যান্য পণ্য অন্তর্র্ভূক্ত করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ গার্মেন্টস পণ্য, হিমায়িত খাদ্য, পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পকে প্রধান্য দিয়েছে। একই সাথে বাংলাদেশ সাফটার অন্যান্য দেশে এসকল পণ্যের প্রবেশাধিকার সুবিধা দাবি করেছে।
