২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ান কোম্পানি বাংলাদেশে এক বিলিযন ডলার বিনিয়োগ করবে

জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন খাতে  দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা গবেষণা করতে সিউলের লুক্সন গ্লোবাল কোম্পানি বৃহস্পতিবার বিনিয়োগ বোর্ডের সঙ্গে একটি সমঝোতা চুািক্ত স্বাক্ষর করেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ও  বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। চুক্তিতে বিনিয়োগ বোর্ডের পক্ষে নির্বাহী সদস্য নজরুল ইসলাম এবং লুক্সনের পক্ষে প্রেসিডেন্ট/সিইও ড. সেউং ইয়ুব লি স্বাক্ষর করেন।

প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে রয়েছে একটি কয়লা খনি উন্নয়নে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার, কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্লান্টের জন্য ৩৫০ মিলিয়ন, একটি সার কারখানার জন্য ১৫০ মিলিয়ন, এনজিএল/এলএনজি উন্নয়ন সহায়তা এবং গ্যাস সঞ্চালন ও সংশ্লিষ্ট বিষয়ে ২০০ মিলিয়ন এবং হাইওয়ে ও সেতুর জন্য ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

উভয় পক্ষের সম্মতিতে ভবিষ্যতে  জ্বালানি ও অবকাঠামো সংশ্লিষ্ট অন্যান্য খাতের উন্নয়নও বিনিয়োগের আওতায় আনা হতে পারে।

কয়লা খনি উন্নয়নে স্থান নির্ধারণ করে খনির মুখে ৩৫০ মেগাওয়েট বিদ্যুৎ পাল্ট স্থাপন করা হবে। কেননা সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়লা অনুসন্ধানে ইচ্ছুক কোনও কোম্পানিকে খনির কাছে  ৩৫০ মেগাওয়েট বিদ্যুৎ পাল্ট স্থাপন করতে হবে।

গ্যাস ভিত্তিক ইউরিয়া সার কারখানার উৎপাদন ক্ষমতা হবে প্রতি বছরে ৩০ হাজার মেট্রিক টন।

কোরীয় কোম্পানি ছয় মাসের মধ্যে প্রস্তাবিত প্রকল্পের সম্ভবনা গবেষণা শুরু করবে। কোরিয়া ও এশিয়ার অন্যন্য দেশে লুক্সন গ্লোবাল কোম্পানির তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটি বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, তথ্য প্রযুক্তি এবং বৃহৎ শিল্প খাতে তাদের কার্যক্রম পরিচালনা করে।