এফবিসিসিআই এর গঠণতন্ত্র ভেঙ্গে আব্দুল মাতলুব আহমেদ ভোটার হওয়ায় ১১ জন চেম্বার নেতার প্রতিবাদ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত বর্তমান পরিচালক আবদুল মাতলুব আহমেদ আগামী নির্বাচনের জন্য সাধারণ পরিষদের সদস্য হিসেবে মেহেরপুর চেম্বার থেকে প্রাথমিক ভোটার হওয়ায় এর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন চেম্বারের ১১ জন নেতা।
নেতারা এফবিসিসিআই এর নির্বাচন আপিল বোর্ডের কাছে মাতলুব আহমেদকে ভোটার তালিকা থেকে বাদ দেয়াার আবেদন জানিয়েছেন।
তারা জানান, ফেডারেশন গঠণতন্ত্র মোতাবেক বিগত নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন ব্যক্তি পরবর্তী দুই মেয়াদের নির্বাচনে এসোসিয়েশন গ্রুপ পরিবর্তন করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
বিগত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আবদুল আউয়াল মিন্টু। এ নির্বাচনে আবদুল মাতলুব আহমেদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারেনি। এফবিসিসিআই এর গঠণতন্ত্র ও ২০০২ সালের ৩১ ডিসেম্বরের সরকারি আদেশ অনুযায়ী এক মেয়াদের জন্য নির্বাচিত হয়ে পরবর্তী মেয়াদে অন্য গ্রুপ থেকে নির্বাচন করার কোন বিধান নেই। আসন্ন নির্বাচনে এফবিসিসিআই এর গঠণতন্ত্র অনুযায়ী চেম্বার গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত করা হবে।
তারা আরো বলেন, আব্দুল মাতলুব আহমেদ মেহেরপুর চেম্বার থেকে ভোটার হয়েছেন শুধুমাত্র এফবিসিসিআই এর আগামী ২০০৫-০৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। মেহেরপুর চেম্বারের সভাপতি জয়নাল আবেদীন নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই তাকে ভোটার করেছেন।
প্রতিবাদকারী চেম্বার নেতার হলেন, চাপাই নবাবগঞ্জের সভাপতি আবদুল ওয়াহেদ, যশোর চেম্বারের মো. শামসুল আলম, টাঙ্গাইলের আবুল কাশেম, লক্ষীপুরের দেওয়ান সুলতান আহমেদ, খুলনার এসএম নজরুল ইসলাম, বরিশালের এবায়েদুল হক, নাটোরের আমিনুল হক, কামালউদ্দীন আহমেদ, ফরিদপুরের নাসির হোসেন, মানিকগঞ্জের মাহবুব ইসলাম ও শেরপুরের মো. মোর্শেদ।
