বেসরকারি খাতে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগের ভূমিকা পুংখানুপুংখ নিরীক্ষা প্রয়োজন
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেসরকারি খাতে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগের ভূমিকা পুংখানুপুংখ নিরীক্ষার প্রয়োজন। এ ধরণের চুক্তিগুলোতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া দরকার।
তিনি বলেন, দাতা সংস্থা ও বহুজাতিক প্রতিষ্ঠানের স্বার্থ বৃদ্ধিতে বৈদেশিক সাহায্য ব্যবহার হতে পারে। এমনকি স্থানীয় বেসরকারি খাত উন্নয়নে এ সাহায্য মূল নিধারক ভূমিকা পালন করতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের গর্ভণর মঙ্গলবার ‘বাংলাদেশে সাহায্য এবং সরকারি-বেসরকারি যৌথ অংশগ্রহণ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে এমন প্রথাগত ব্যবস্থা রয়েছে, যাতে বেসরকারি খাতের সহায়তার মাধ্যমেও তাদের প্রয়োজন মেটানো সম্ভব নয়।
সালেহউদ্দিন বলেন, বেসরকারি খাতে সরাসরি সহায়তা জন্য সরকারের মাধ্যমে উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান (ডিএফআই) এবং বিনিয়োগে যে সমস্ত আংশিক বা সামগ্রিক গ্যারান্টি রয়েছে, সে সমস্ত তহবিলের পূংখানুপুংখ নীরিক্ষার দরকার।
তিনি বলেন, “বৈদেশিক সাহায্যের গুরুত্বপূর্ণ নেতিবাচক দিকটি হচ্ছে, বেসরকারি খাতে সাহায্য কখনও সুবিধার চেয়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ওপর অধিক নির্ভরশীলতার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ”
তিনি আরো বলেন, এ ধরনের কর্মকা- প্রকৃত উদ্যোক্তা ও বেসরকারি খাতের দক্ষতার স্থিতিশীল প্রবৃদ্ধি হ্রাস করতে পারে। এমনকি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার সুযোগ প্রাপ্তির মাধ্যমে অশুভ প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে।
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল নিয়ন্ত্রিত ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল আসিফ আলী ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদ চৌধুরীসহ অডিট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আগামীতে জবাবদিহিতা ও সাহায্যের অপচয় হ্রাসে এনজিও শাসন-প্রক্রিয়া আলোচিত হবে।
আসিফ আলী বলেন, বেশ কিছু দাতা সংস্থা ইতিমধ্যে হিসাবরক্ষণে মানব সম্পদ উন্নয়নে সাহায্য দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এ ক্ষেত্রে চলমান দাতা সহায়তার প্রকল্পগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন সাহায্য নেয়া হবে না।
