২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহে সরকারি পরিকল্পনা

অপচয় রোধে পাইপ লাইনের পরিবর্তে সিলিন্ডারের মাধ্যমে বাসা বাড়িতে গ্যাস সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সরকারি প্রতিষ্ঠানসমূহের বিপুল পরিমান বকেয় গ্যাস বিল আদায়ের ব্যাপারে সোমবার ২৮টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান একথা জানান।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসের নিয়ন্ত্রণহীন অপচয় নিয়ে বিদেশিরা প্রায়ই আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।

এক্ষেত্রে ইউরোপের দেশগুলো এমনকি ভারতও বাসা বাড়িতে ব্যবহারে জন্য সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে বলে তিনি উল্লেখ করেন।

সাইফুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি দিয়াশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য অনেকে সারাদিন রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে।

নতুন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা এরকম চিন্তা ভাবনা করছি। তবে এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি।

জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, ব্যাপারটি তিনি গুরুত্বের সাথেই  নিয়েছেন এবং শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, বাসা বাড়িতে গ্যাস ব্যবহারকারীরা গ্যাসের অপচয় করছে। অন্যদিকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সময়মত গ্যাস বিল পরিশোধ করছে না। এজন্য গ্যাস কোম্পানিগুলো ঠিকমত আন্তর্জাতিক তেল কোম্পানির বিল পরিশোধ করতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে বিদ্যুত খাতে ৫০ ভাগ, সার কারখানায় ২৩ ভাগ, অন্যান্য শিল্প কারখানায় ১৭ ভাগ এবং বাসা বাড়ি ও বাণিজ্যিক ব্যবহারকারীদের দ্বারা বাকি ১০ ভাগ গ্যাস ব্যবহৃত হচ্ছে। 

বিদ্যুৎ ও সার কারখানায় কোনও সিস্টেম লস নেই বলে মন্ত্রণালয় সূত্র জানায়।