সরকারি প্রতিষ্ঠানসমূহকে ১৫ দিনের মধ্যে গ্যাস বিল পরিশোধে অর্থমন্ত্রীর নির্দেশ
জবাবদিহিতা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক খাতের শৃংখলা রক্ষার্থে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের বকেয়া গ্যাস বিল পরিশোধের নির্দেশ দিয়েছেন।
এনইসি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় ও কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, এভাবে চলতে থাকলে অর্থনৈতিক খাতে জবাবদিহিতা হারিয়ে যাবে।
তিনি বলেন, বকেয়া বিল আদায়ের অগ্রগতি মূল্যায়নে আগামী ১৫ জুলাই আবার আমরা বৈঠকে বসব।
বার বার বকেয়া বিল পরিশোধের জন্য তাগিদ দেয়া সত্ত্বেও এ বছরের মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মোট ১ হাজার ৫শ’ কোটি টাকার বেশি গ্যাস বিল বাকি রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানসমূহের বকেয়া বিল ৮শ’ ৩০ কোটি টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের বকেয়া বিল ৭শ’ কোটি টাকা।
নবনিযুক্ত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বকেয়া বিল আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে অর্থমন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও কর্পোরেশন বিলিং কর্তৃপক্ষকে দোষারোপ করে বলছে, অতিরিক্ত ও ভূয়া বিল করা হয়েছে। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি যত টাকা বিল হওয়ার কথা বলে তারা মনে করছে সেটাই যেন তারা পরিশোধ করে’।
তবে সার, বিদ্যুৎ উৎপাদক ও হাসপাতালসহ কিছু ক্ষেত্র থেকে বকেয়া বিল আদায় করার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বলে অর্থমন্ত্রী স্বীকার করেন।
এক্ষেত্রে তিনি বলেন, সার কারখানাগুলো অনেক কমমূল্যে তাদের পণ্য বিক্রি করছে। ফলে তাদের উৎপাদন খরচ উঠে আসছে না।
অন্য দু’টি ক্ষেত্রের ব্যাপারে তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ও হাসপাতালসমূহকে গ্যাস লাইন বিচ্ছিন্ন করার আওতা থেকে বাদ দেয়া হয়েছে। তবে যাই হোক এতে গ্যাস সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মন্ত্রী বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে বকেয়া বিল আদায়ে সরকারকে খুব শিগগিরই পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, আমরা যদি আমাদের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারি তবে জবাবদিহিতা বজায় রাখা সম্ভব হবে না।
যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ ২৮টি মন্ত্রণালয় ও ১৪টি আধা সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, বকেয়া বিল পরিশোধের অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি প্রতিষ্ঠানসমূহে চিঠি পাঠানো হবে।
তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে ছয়টি কিস্তির মাধ্যমে বকেয়া বিল পরিশোধের ক্ষেত্রে ছয় মাস সময় দেয়া হবে।
আধা সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে গ্যাস বিল খেলাপির শীর্ষে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়টির একারই বকেয়া বিল হলো ৪ শ’ ৮৫ কোটি টাকা। অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্পোরেশনের বকেয়া বিল ১ শ’ ৭৬ কোটি টাকা।
পাট মন্ত্রণালয়ের আওতাভূক্ত সংস্থাসমূহের মোট ৬৪ কোটি টাকা বকেয়া বিল রয়েছে। এছাড়া বস্ত্র মন্ত্রণালয়ের বকেয়া বিল ১৫ কোটি টাকা।
