২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁ হোটেলের বিক্রয়মূল্য নির্ধারণে কমিটি গঠিত

বিক্রির জন্য রাষ্ট্রায়াত্ব প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের মূল্য নির্ধারণে সরকার রোববার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সোদি কোম্পানি কিংডম হোল্ডিং এর আগে সোনারগাঁ হোটেল কেনার যে প্রস্তাব দিয়েছিল তার প্রেক্ষিতে সরকার এ কমিটি গঠন করেছে।

গত মার্চ মাসের মাঝামাঝি ঢাকা সফরের সময় কিংডম হোল্ডিং এর মালিক সোদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ বিন সউদ এ প্রস্তাব দেন। তিনি দেশে ফিরে যাওয়ার পর বিনিয়োগ বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন সচিব ইকবাল উদ্দিন আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব।  আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে।

কমিটির আহ্বায়ক ইকবাল উদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন,প্রস্তাবিত চুক্তি মূল্যায়নের জন্য কমিটি বিভিন দিক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে।

সূত্র জানায়, কমিটি হোটেলে জমি ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে বর্তমান মোট সম্পত্তি নির্ধারণ করবে। একই সাথে হোটেলটির সার্বিক মূল্য নির্র্ধারণের জন্য এর সুনামও বিবেচনা করা হবে।

সূত্র আরও জানায়, এ ব্যাপারে যেকোনও সিদ্ধান্ত নেয়ার পূর্বে হোটেলটির বর্তমান ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্যান প্যাসিফিক গ্রুপের আগ্রহের বিষয়টি ভেবে দেখা হবে।

সোনারগাঁ হোটেল কিনে নেয়ার আগ্রহ ব্যক্ত করে কিংডম হোল্ডিং এর একটি আনুষ্ঠানিক প্রস্তাব তার কাছে এসে পৌঁছেছে বলে স্বীকার করেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহবুবুর রহমান।

তিনি বলেন, কোম্পানিটি সোনারগাঁ হোটেলের দাম জানতে চেয়েছে এবং এ ব্যাপারে যত শিগগির সম্ভব আলোচনা শুরুর আগ্রহ ব্যক্ত করেছে। এ ব্যাপারে সরকারের মনোভাব ইতিবাচক বলে তিনি জানান।

বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, কিংডম হোল্ডিং কোম্পানি বাংলাদেশের পর্যটন ও সেবা খাতে কয়েক লাখ ডলার বিনিয়োগ করতে আগ্রহী।

কিংডম হোল্ডিং  সোদি আরবের অন্যতম বৃহত্তম কোম্পানি যাদের বিশ্বব্যাপী কনস্ট্রাকশন ও বিমান ব্যবসা রয়েছে।