২ মাসে বোরো সংগ্রহে ৫৪ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত
বোরো ধান ও চাল সংগ্রহে মোট লক্ষ্যমাত্রার বিপরীতে শনিবার পর্যন্ত গত দুই মাসে শতকরা ৫৪ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ একথা বলেন।
তিনি বলেন, শনিবার পর্যন্ত আমরা মোট ১০ দশমিক ৫৫ লাখ মেট্রিক টনের বিপরীতে পাঁচ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছি।
সংগ্রহের বর্তমান ধারা উল্লেখ করে তিনি বলেন, খাদ্যশস্যের মূল্য অপরিবর্তিত থাকলে এবং অনাকাঙ্খিত কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে সহজেই এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, শনিবার পর্যন্ত আট দশমিক ০৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত করা হয়েছে। সুতরাং খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই।
সরকার মোট ১০ দশমিক ৫৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে নয় লাখ মেট্রিক টন চাল এবং এক দশমিক ৫৫ লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে পাঁচ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন চাল ও ১৭ হাজার আটশ’ ৮৫ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। চাল সংগ্রহের ক্ষেত্রে অর্জিত লক্ষ্যমাত্রা শতকরা ৬২ দশমিক ৭০ ভাগ।
২০০৫ সালের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবং তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
চাল সংগ্রহের উদ্দেশ্যে সরকার ১০ হাজার চারশ’ ৫৭ জন মিল মালিকের সঙ্গে চুক্তি করেছে। তাদের মোট ছয় দশমিক ৫৮ লাখ মেট্রিক টন চাল সরবরাহ করার কথা রয়েছে।
মন্ত্রী বলেন, খাদ্যশস্য সংগ্রহের অগ্রগতি খুবই আশাব্যঞ্জক। এক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় সংগ্রহ প্রায় এক লাখ মেট্রিক টন বেশি বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য এবার চালের মূল্য প্রতি কেজি ১৪ দশমিক ৫০ টাকা এবং গমের মূল্য প্রতিকেজি নয় দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবারের তুলনায় এবার চালের মূল্য কেজি প্রতি এক দশমিক ২৫ টাকা বেশি ধরা হয়েছে।
চালের মূল্য বৃদ্ধি সংক্রান্ত অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, আপনি ঢাকার বাজার মূল্য দেখে এটা বলতে পারেন না। পরিবহন ও অন্যান্য খরচের জন্য ঢাকায় বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান হারে যদি চালের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে খোলা বাজারে চাল বিক্রির পরিকল্পনা সরকারের রয়েছে। তবে তা আগামী রমজানের আগে নয়।
