২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল প্রকল্পের কনসোর্টিয়াম সদস্যরা আলাদাভাবে নেটওয়ার্ক ক্যাপাসিটি বিক্রি করবে না

সাবমেরিন ক্যাবল প্রকল্পের ১৪টি সদস্য দেশ অব্যবস্থাপনা এড়াতে আলাদাভাবে নেটওয়ার্ক ক্যাপাসিটি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

অতিরিক্ত নেটওয়ার্ক ক্যাপাসিটি প্রকল্পটির একটি নেটওয়ার্ক এডমিন্সট্রেটর পুলে জমা রাখতে হবে। 

ভারতের গোয়ায় ২৭ থেকে ৩০ জুন কনসোর্টিয়ামের বিনিয়োগ ও চুক্তি (আইএণ্ডএ) বিষয়ক উপ-কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজেদের মধ্যে আলাদাভাবে নেটওয়ার্ক ক্যাপাসিটি বিক্রয় সংক্রান্ত সংকট এড়াতে নেটওয়ার্ক ক্যাপাসিটি বিক্রয়ের চুক্তিনামা প্রস্তুতের উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অতিরিক্ত ক্যাপাসিটি হিসেবে পুলে ইতোমধ্যেই ৫০ হাজার এমআইইউ (সর্বনিু বিনিয়োগ একক) জমা দিয়েছে।

১৬টি সংস্থার মধ্যে কমপক্ষে ১৩টি তাদের অতিরিক্ত ক্যাপাসিটি ইতোমধ্যে জমা দিয়েছে।

শনিবার বিডিনিউজের সঙ্গে আলাপকালে মনোয়ার হোসেন বলেন, প্রকল্প শুরুর পর প্রথম দু’বছরের মধ্যে সংস্থাগুলোকে আন্তর্জাতিক নেটওয়ার্ক এডমিন্সস্ট্রের পুলে অতিরিক্ত ক্যাপাসিটি জমা দিতে হবে। 

তিনি জানান, এছাড়াও কমিটি আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল প্রকল্পের ক্যাপাসিটি বিক্রয় ব্যবস্থার প্রক্রিয়া নির্ধারণ করবে।

তিনি বলেন, প্রত্যেক সংস্থাই তাদের নিজস্ব নেটওয়ার্ক ক্যাপাসিটি চাহিদা পূরণের পর বিভিন্ন দেশেরে অন্যান্য সংস্থার কাছে তাদের অতিরিক্ত ক্যাপাসিটি বিক্রি করতে পারবে।

সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি সম্পর্কে মনোয়ার হোসেন বলেন, উচ্চ ক্যাপাসিটির সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবল লিঙ্কে প্রাথমিক ক্যাপাসিটি হবে প্রতি সেকেণ্ডে ১৬০ গিগাবাইট এবং ডিজাইন্ড ক্যাপাসিটি হবে প্রতি সেকেন্ডে ১ দশমিক ২৮ টেরাবাইট।