২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টে বাজারে আসছে উইনটেলের জিএসএম মোবাইল সেট

জেডটিই কর্পোরেশনের তিনটি পৃথক মডেলের জিএসএম মোবাইল সেট এই বছরের আগস্ট থেকে বাজারজাত করবে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইনটেল লিঃ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

শনিবার নগরীর একটি হোটেলে চীনের সর্ববৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন এবং উইনটেল লিঃ এর মধ্যে এ বিষয়ে এক পারষ্পরিক সমঝোতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জেডটিই’র একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব লাভ করলো উইনটেল। এর ফলে এখন থেকে তারা জেডটিই’র ওয়্যারলেস ফোন সেট স্থাপন এবং সিডিএমএ মোবাইল হ্যান্ড সেট বিক্রি করতে পারবে।

উইনটেল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলম জানান, জেডটিই মোবাইল সেট উন্নত প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন বলে মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য হবে।

প্রতিটি জেডটিই মোবাইল সেট ৩৮০০ থেকে ৮৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে বলে তিনি জানান।

জেডটিই’র প্রধান প্রতিনিধি চেং গ্যাং জানান, বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)-এর সুইচিং সরঞ্জামাদিতে  জেডটিই’র ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

তিনি আরও জানান যে বিগত ২০০৪ সালে কোম্পানীর বার্ষিক আয় ছিলো ৪ বিলিয়ন ইউএস ডলার।

ফয়সাল আলম বলেন, আমদানি কর হ্রাসে সরকারি উদ্যোগের ফলে ক্রেতারা এখন তুলনামূলক কম দামে ওয়ারেন্টি সুবিধাসহ আসল মোবাইল সেট কিনতে পারবে।