২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফা বিডিং এর জন্য পিএসসি দলিল সংশোধনের কাজ শুরু

দেশে তেল গ্যাস অনুসন্ধানে তৃতীয় দফা বিডিং এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে উৎপাদন অংশীদারীত্ব চুক্তি (পিএসসি) দলিল সংশোধনের কাজ শুরু হয়েছে। পিএসসি স্বাক্ষরের উপর আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিতে পেট্রোবাংলা তার আইন উপদেষ্টাকে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

দায়িত্ব নেয়ার পরই জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আগামী ডিসেম্বর মাসের মধ্যে তৃতীয় দফা বিডিং আহ্বানের ঘোষনা দেন। তিনি বিডিনিউজকে বলেন, ইতোমধ্যে পেট্রোবাংলাকে পিএসসি দলিল রিভিউ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে পিএসসি’র আওতায় যে কাজ চলছে তাও রিউিভ করা হবে। কেউ কাজ না করে বসে থাকলে তাদের সাথে চুক্তি বাতিলের উদ্যোগ নেয়া হবে।

পেট্রোবাংলার মোট ২৩টি ব্লকের মধ্যে তিনটি উপকূলীয়সহ ১০টি ব্লকে আটটি পিএসসি’র আওতায় বিভিন্ন আন্তর্জাতিক তেল কোম্পানি কাজ করছে। অপর দু’টি ব্লক অনুসন্ধানের জন্য বাপেক্স এর অনুকুলে বরাদ্দ দেয়া হয়েছে। এগারোটি ব্লক এখনো পিএসসি করার জন্য উন্মুক্ত আছে।

জ্বালানি উপদেষ্টা এবং পেট্রোবাংলা কর্মকর্তারা বলছেন, তৃতীয় দফা বিডিং এর প্রস্তুতি হিসাবে পুরো দেশকে নতুন করে বিভাজন করতে হবে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, ডিপ ওয়াটারে আরো কয়েকটি নতুন ব্লক সৃষ্টি করে দেশকে নতুন ব্লকে বিভাজন করা হবে। একই সাথে আমরা পিএসসি দলিল রিভিউ এর কাজ শুরু করেছি। পিএসসিতে আইওসি‘র উপর চার শতাংশ করারোপের বিষয়সহ এই ধরনের যে সকল ‘গ্রে এরিয়া’ আছে তা স্পষ্ট করা হবে।

জানা গেছে, প্রাথমিক কাজ করার পর এটা চূড়ান্ত করার জন্য একজন বিদেশী উপদেষ্টা নিয়োগ দেয়া হবে। 

পিএসসি রিভিউ প্রশ্নে প্রকৌশল বিশ্ব^বিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম তামিম বলেন, অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় অনুসন্ধানে আগ্রহী কোম্পানিকে অধিক সুবিধা প্রদানের বিধান পিএসসিতে সংযুক্ত করা উচিত। যেমন ডিপওয়াটার এবং দেশের উত্তরাঞ্চলে আগ্রহী কোম্পানিগুলোকে ৮০ শতাংশ শেয়ার দেয়া যেতে পারে। এতে বিদেশী কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহ পাবে।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, পিএসসি স্বাক্ষরের পর কাজ না করে বসে আছে এমন ব্লক এখন আর নেই।

পেট্রোবাংলা ইতোমধ্যে যে পিএসসি দলিল সংশোধন করার কাজ শুরু করেছে স্বাধীনতার পর তা’ প্রথম ১৯৭৪ সালে প্রণয়ন করা হয়। তার উপর নির্ভর করে একই বছর বঙ্গোপসাগরে তেল অনুসন্ধানের জন্য ছয়টি কোম্পানির সাথে পিএসসি স্বাক্ষর করা হয়।

পরে ‘৯১ সালে দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে পিএসসি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়। কিন্তু আগের পিএসসিতে তেলের বিষয় উল্লেখ থাকলেও গ্যাস পেলে কি হবে তা নির্ধারিত ছিল না। ফলে প্রথম রাউন্ড বিডিং এর আগে পিএসসি দলিলে নানা সংশোধনী আনা হয়। অবশ্য এই পর্যায়ে কোনো উন্মুক্ত প্রস্তাব আহ্বান না করে  লন্ডন এবং হিউস্টন মিটিং এর উপর নির্ভর করে আটটি ব্লকের জন্য কয়েকটি কোম্পানিকে চূড়ান্ত করা হয়।

এ সময় সিলেটের একটি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রসহ ১২, ১৩ ও ১৪ নং ব্লক নিয়ে অক্সিডেন্টাল এর সাথে পিএসসি স্বাক্ষর করা হয়। বর্তমানে এটির পরিচালনাকারী ইউনোকল বাংলাদেশ লিমিটেড। তারা জালালাবাদ গ্যাস ক্ষেত্রে থেকে প্রতিদিন ২১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এবং মৌলভীবাজার গ্যাস ফিল্ড থেকে ৭০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ দিচ্ছে। চলতি মাসে মৌলভীবাজারের উৎপাদন বেড়ে দাঁড়াবে ১০০ এমএমসিএফডি। আর বিবিয়ানা গ্যাস ক্ষেত্র উন্নয়নে ইউনোকল কাজ শুরু করেছে। ২০০৭ সালে এই গ্যাস ক্ষেত্র থেকে ২০০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ দেয়া হবে।

অন্যদিকে সাগরের ১৫ ও ১৬ নং ব্লক নিয়ে কেয়ার্ণ এনার্জির সাথে পিএসসি স্বাক্ষর করা হয়। বর্তমানে কেয়ার্ণ ১৬ নং ব্লকের সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন ১৭০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করছে। অন্য ব্লকটি তারা পেট্রোবাংলাকে ছেড়ে দিয়েছে।

একই সময়ে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ২২ নং ব্লকের জন্য ইউএমসি‘র সাথে পিএসসি করা হয়। পরে এর মালিকানা আসে ওশান এনার্জির হাতে। বর্তমানে মেয়াদ শেষ হওয়ায় এই ব্লক এখন পেট্রোবাংলার কাছে ফেরত এসেছে। বঙ্গপোসাগরের ১৭ ও ১৮ নং ব্লক নিয়ে পিএসি করা হয় অকল্যান্ড - রেক্সউডের সাথে। বর্তমানে এই ব্লক দুটিতে কাজ করছে টালো ওয়েল পিএলসি।

‘৯৭ সালে আওয়ামীলীগ সরকার ২য় দফা বিডিং আহ্বান করে। এ সময়ও পিএসসি দলিলে কিছু সংশোধনী আনা হয়। সর্বশেষ এই বিডিং থেকে ১২টি ব্লকের জন্য বিভিন্ন কোম্পানিকে নির্বাচন করা হলেও চূড়ান্ত পর্যায়ে এসে চারটি ব্লক নিয়ে পিএসসি স্বাক্ষর করা হয়। সাত নং ব্লক নিয়ে ইউনোকলের সাথে, ৫ ও ১০ নং ব্লক নিয়ে শেল - কেয়ার্ণ এর সাথে এবং ৯ নং ব্লক নিয়ে টালো - শেভরোন-  টেক্সাকো জয়েন্ট ভেঞ্চারের সাথে পিএসসি স্বাক্ষর করে। এই চারটি ব্লকের মধ্যে টালো ইতোমধ্যে গ্যাস আবিষ্কার করে উৎপাদনের অপেক্ষায় আছে। কেয়ার্ণ তার দু’টি ব্লকে সাইসমিক সার্ভে শেষ করেছে। তবে ইউনোকলকে তার কাজের জন্য সময়কাল বাড়িয়ে দেয়া হয়েছে।