চলতি অর্থবছরে তামাক রপ্তানি বেড়েছে ১৩৬ শতাংশ
চলতি অর্থবছরের দশ মাসে গত বছরের তুলনায় তামাক রপ্তানি বেড়েছে ১৩৬ শতাংশ। এ সময়ে এক কোটি ৪০ লাখ ডলার মূল্যের তামাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরে বছরে মোট তামাক রপ্তানির পরিমান ছিল প্রায় ৮৫ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র এ তথ্য জানায়।
ব্যুরোর এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, গত চার বছর ধরে ক্রমাগত তামাক রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরেও তামাক রপ্তানি বৃদ্ধি পায় প্রায় ২৮ শতাংশ।
তিনি বলেন, গতবছরের শুরু থেকে তামাক রপ্তানির ওপর ১০ শতাংশ নগদ সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি আগামী বছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তামাকের ওপর ৪০ শতাংশ ভর্তুকি হ্রাস কার্যকর করবে। ফলে আগামী বছরগুলোতে অধিক হারে তামাক রপ্তানি বাড়বে বলে আমরা আশাবাদী।
অন্যদিকে এ অর্থবছরে দশ মাসে গত বছরের তুলনায় সিগারেট রপ্তানি ৭২ শতাংশ হ্রাস পেয়েছে। এ সময়ে সিগারেট রপ্তানির পরিমান ছিল ২৩ কোটি ৪৮ লাখ টাকা। যদিও গতবছরে মোট সিগারেট রপ্তানি বৃদ্ধি পেয়েছিল ৫২ শতাংশ।
সিগারেট রপ্তানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাজার সংকুচিত হলেও এ বছর ইউরোপের বাজারে রপ্তানি শুরু করেছে বাংলাদেশ।
গত চার বছরে ৮০ শতাংশের বেশি তামাক রপ্তানি করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কো. লি. (বিএটি)। বহুজাতিক কোম্পানি বিএটি- এর সহযোগী বৈদেশিক প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের তামাক রপ্তানি করে। পাশপাশি বিএটি যুক্তরাজ্যসহ ইউরোপের দুটি দেশ থেকে তামাক আমদানিও করে থাকে।
বিএটি’র উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ২০০৪ সালে কোম্পানি প্রায় ৬৩ কোটি টাকার তামাক রপ্তানি করে। গত বছরের তুলনায় এ রপ্তানির পরিমান ৩০ শতাংশ বেশি।
তিনি বলেন, ‘এ অর্থবছরে প্রথমবারের মত আমরা সিগারেট রপ্তানি করছি।’
তিনি আরো বলেন, চলতি বছরে আমাদের রপ্তানিকৃত তামাকের পরিমান বাড়ার পাশাপাশি দামও বেড়েছে। একই সঙ্গে ২০০৪ সালে তামাক আমদানিও হ্রাস পায়।
উন্নত দেশগুলোয় কৃষি ভর্তুকি হ্রাসের প্রেক্ষাপটে তামাকের ওপর ভর্তুকি দ্রুত হ্রাস পাচ্ছে। ইইউ ইতিমধ্যে ২০০৬ সাল থেকে ৪০ শতাংশ ও ২০১০ সালে সম্পূর্ণমাত্রায় তামাকের ওপর ভর্তুকি হ্রাস করার ঘোষণা দিয়েছে। ফলে আগামীতে উন্নত দেশগুলোতে তামাক আমদানি বড় পরিমাণে বেড়ে যাবে পাবে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশে তামাক চাষযোগ্য জমির পরিমান না বাড়লেও একর প্রতি উৎপাদন ব্যাপক পরিমানে বেড়েছে। দেশের সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একর প্রতি তামাক উৎপাদন বাড়ানোর পেছনে মূখ্য ভুমিকা পালন করছে।
