২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পাস হওয়া বাজেট পূর্ণাঙ্গ বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হওয়া বাজেটের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বাজেট পাস শেষে সংসদ ত্যাগের সময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্যেই এ বাজেট পাস করা হয়েছে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নের জন্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতিও শেষ হয়েছে। শনিবার থেকেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাস হওয়া বাজেটের বিপরীতে অতিরিক্ত প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করেননি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ১ জুলাই থেকে শুরু হওয়া ২০০৫-০৬ অর্থবছরের জন্যে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বাজেট অধিবেশন বর্জন করে। দলের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশব্যাপি হরতাল পালন করা হয়।

এ বাজেটকে ‘কালো টাকার ভাওতাবাজি ও লুটপাটের বাজেট’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ এ হরতাল আহ্বান করে।