২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সংশোধিত আকারে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকার অর্থবিল পাস

বুধবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের জন্য ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকার প্রস্তাবিত অর্থবিল (বাজেট) সংশোধিত আকারে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 10:29 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদে বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বিলটি পাসের জন্য উত্থাপণ করেন। সংশোধনী আলোচনা শেষে বিলটি সর্বসম্মতভাবে পাস করা হয়।

এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৭২২ কোটি টাকা। বাজেটে উন্নয়ন খাতে সর্বমোট ২৬ হাজার ৫৫৪ কোটি টাকার ব্যয় বরাদ্দ করা হয়েছে।

এতে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর আরোপিত কর ৯০০ টাকায় পুননির্ধারণ, কম্পিউটার সফটওয়ারের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং কর ন্যায়পাল নিয়োগের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

দলের সদস্যদের সমালোচনার মুখেও বাজেটে আরও এক বছরের জন্য সাড়ে সাত শতাংশ করের আওতায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখা হয়।

এর আগে ১১টি কার্যদিবসে প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্ণেল (অব.) আকবর হোসেনসহ সরকারি ও বিরোধী দলের ৮৮ জন সদস্য আলোচনায় অংশ নেন।

বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবগুলোর মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির সদস্য কলিমউদ্দিন আহমেদ, দিলদার হোসেন সেলিম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুলতান মাহমুদ বাবুর কয়েকটি সংশোধনী প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়।

এর আগে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের (অর্থবিল) স্বপক্ষে তার বক্তব্য উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে দারিদ্রমুক্ত ও প্রগতিশীল দেশ গড়ার লক্ষ্য প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, এ বাজেট উচ্চাভিলাষী নয়, এ বাজেট দেশকে সামনের দিকে নেওয়ার। উচ্চাভিলাষ না থাকলে তো দেশ নিচের দিকে চলে যাবে। তাই ভবিষ্যতে সুযোগ পেলে তিনি আরও বড় আকারের বাজেট উত্থাপণ করবো।

তিনি বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।