রেলওয়ে গত অর্থবছরে ১৮৮ কোটি টাকা লোকসান করেছে
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ২০০৩-০৪ অর্থবছরে রেলওয়ে প্রায় ১৮৮ কোটি ৬২ লাখ টাকা লোকসান করেছে।
মন্ত্রী বুধবার সকালে জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ ফারুক খানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
ব্যারিস্টার নাজমুল হুদা জানান, ২০০৩-০৪ অর্থবছরে রেলওয়ে প্রায় ৪৯৭ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। একই সময়ে ব্যয় হয়েছে প্রায় ৬৮৬ কোটি ১৭ লাখ টাকা।
তিনি জানান, ২০০২ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশের মোট দুই হাজার ১১টি রেল দুর্ঘটনা হয়েছে। এ সময়ে ৫৯ জন নিহত ও ২৫২ জন আহত হয়েছে।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১৩টি ঘটনায় ক্ষতিপূরণের আবেদন পাওয়া গেছে। আবেদনকারিদের মধ্যে চারজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও ছয়টি আবেদন বিবেচনাধীন রয়েছে। বাকী তিনটি আবেদন বিধি মোতাবেক অগ্রাহ্য করা হয়েছে।
মন্ত্রী জানান, এসব দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তা ও কর্মচারির সংখ্যা এক হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পাঁচজনকে চাকরিচ্যুত, দুইজনের পদাবনতি, ৫৬০ জনের বেতন বৃদ্ধি স্থগিত এবং ৭৭০ জনকে তিরস্কার করা হয়েছে। এছাড়াও ৩৯টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রী আরো জানান, রেলওয়েতে বর্তমানে ৩৪ হাজার ৪৭৪ জন কর্মকর্তা ও কর্মচারি নিয়োজিত রয়েছে। তাদের মাসিক বেতন ভাতা বাবদ ব্যয় হয় প্রায় ২৩ কোটি ৯১ লাখ ৯৯ হাজার টাকা।
ফারুক খানের অপর এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী আরো জানান, রেলওয়ের এক হাজার ৬৭০ দশমিক ৭৬ একর জমি বর্তমানে অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ৬৬৮ দশমিক ৩৮ এবং পশ্চিমাঞ্চলে এক হাজার দুই দশমিক ৩৮ একর।
এদিকে রেলওয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোস্তফা ই জামিল বিডিনিউজকে জানান, রেলওয়ে প্রতি বছর প্রায় ১৮৫ কোটি টাকার লোকসান দিচ্ছে। জনসেবা দায়বদ্ধতা (পিএসও) প্রকল্পের আওতায় সরকার এ টাকা ভর্তুকি দিচ্ছে। জনস্বার্থে লোকসানী কিছু লাইন পরিচালনার কারণে সরকার এ ভর্তুকি দিয়ে থাকে।
বিএনপির অ্যাডভোকেট আবুল কালামের এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সড়ক ও সেতু থেকে সরকার প্রায় ২৫৪ কোটি ৭২ লাখ টাকা টোল আদায় করেছে। এর মধ্যে যমুনা সেতু থেকে ১৩৭ কোটি ৬৪ লাখ টাকা এবং সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন সড়ক ও সেতু থেকে ১১৭ কোটি ৮ লাখ টাকা।
