২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক খাতে সহযোগিতা দিতে ক্রেতারা রাজি, তবে শ্রম মান উন্নয়ন করতে হবে

আন্তর্জাতিক ক্রেতারা টেক্সটাইল ও গার্মেন্ট উৎপাদনকারীদের বলেছেন, শ্রমিদের মানোন্নয়ন করা হলে বাংলাদেশের গার্মেন্ট ও টেক্সাইল শিল্পের দীর্ঘস্থায়ীত্ব ও সম্প্রসারণের জন্য তারা বদ্ধপরিকর। মাসিক ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক ক্রেতারা মঙ্গলবার ঢাকায় এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভস’র চেয়ারম্যান এলান রবার্টস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দক্ষ শ্রমবাজার মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে।

আন্তর্জাতিক ক্রেতা প্রতিনিধি ও স্থানীয় উৎপাদনকারী, সরকার এবং ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহণে কোটা পরবর্তী সময়ে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের ভবিষ্যত নিয়ে ঢাকায় আয়োজিত সম্মেলনের শেষ দিনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গ্যাপ, মার্কস এণ্ড স্পেনসার ও লেভি স্ট্রস’র মতো বিশ্বমানের ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।

‘ভয়েস অব দ্য লিষ্ট ডেভলপমেন্ট কান্ট্রিস অব এশিয়া এণ্ড দ্য প্যাসিফিক’ এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে এমএফএ অবসানের পর বাংলাদেশ টেক্সটাইল রপ্তানি ছয় শতাংশ হ্রাস পেয়েছে। এপ্রিলে একটি স্পেকট্রাম সোয়েটার কারখানা ভবন ধসে ৬৪ শ্রমিক নিহত হওয়ার পর এই শিল্প আরও চাপের মুখে পড়ে। ওই ঘটনার পর ক্রেতারা শ্রমিকের কমপ্লায়ান্স নিশ্চিত করার জন্যে উৎপাদনকারীদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের গোলাম হোসেন বলেন, এমএফএ পরবর্তী নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একটি কৌশল নির্ধারণ করতে হবে। যার মধ্যে রয়েছে মূল্য সংকোচন ও কমপ্লায়েন্স ইস্যু।

সম্মেলনে জার্মান ভিত্তিক ক্রেতা কার্সটাড কোয়েলি’র মারেন বোহেম বলেন, বাংলাদেশে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এটা অত্যন্ত প্রতিযোগিতামূলক। কিন্তু এজন্য কারখানা মালিক এবং সরকারকে দ্রুত শ্রমিকদের পরিস্থির উন্নয়ন ঘটাতে হবে। কোয়েলি স্থানীয় গার্মেন্টসের অন্যতম ক্রেতা এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম খুচরা বিক্রেতা।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক বাজারে আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি খসড়া রোডম্যাপ তৈরি এবং শ্রমিকের মানোন্নয়ন ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এমএফএ ফোরাম যৌথভাবে ক্রেতা ও স্থানীয় উৎপাদনকারীদের মধ্যে এই সম্মেলনের আয়োজন করে।

এলান রবার্টস বলেন, কোটা পরবর্তী সময়ে টেক্সটাইল ও পোষাক শিল্পের জন্য হুমকিস্বরূপ এ মূল ইস্যুসমূহ মোকাবেলায় বাংলাদেশের জন্য একটি উপায় রয়েছে, তা হচ্ছে কমপ্লায়ান্স।”

সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি সমন্বিত বাণিজ্য, অর্থনীতি, শিল্প ও সামাজিক কৌশল প্রয়োজন। এছাড়াও সরকার, উৎপাদনকারী এভং ট্রেড ইউনিয়ন নিয়ে একটি একটি জাতীয় ফোরাম প্রতিষ্ঠা করাও প্রয়োজন।

ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী শ্রম মান ও কমপ্লায়ান্স নিশ্চিত করতে একটি কমিটি গঠনের জন্যে সম্মেলনে সুপারিশ করা হয় এই কমিটি ক্রেতাদের ধরন ও আগ্রহের দিকগুলো পর্যালোচনা করবে। এছাড়া ক্রেতাদের আচরণ বিক্রেতাদের ওপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে তাও পর্যালোচনা করবে এ কমিটি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জার্গেন লিজনার এবং বিজিএমইএ প্রেসিডেন্ট আনিসুল হকও উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আনিসুল হক বলেন, তৈরি পোশাক শিল্পের মানোন্নœয়নে সরকার, মালিক ও ইউনিয়ন নেতৃবৃন্দদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় পরিষদ গঠন প্রয়োজন বলে সম্মেলনে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন।

গার্মেন্ট শিল্প বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানি আয়ের উৎস। এই শিল্পে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করে। যাদের মধ্যে বেশিরভাগই দরিদ্র নারী। এই শিল্পের শ্রমিকরা অত্যন্ত কম মজুরী পায় এবং প্রায়ই তারা নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি সময় ধরে কাজ করে।