২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালফিতার দৌরাত্ম্যে জাতীয় অর্থনৈতিক সূচক পুনঃনির্ধারণের কাজ স্থবির হয়ে আছে

জাতীয় আয়ের সূচকসমূহ পুনঃনির্ধারণ ও পর্যালোচনার জন্য গঠিত সরকারের উচ্চ পর্যায়ের দু’টি কমিটি চার মাস অতিবাহিত হয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতার আবর্তে পড়ে এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মনে হচ্ছে এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সরকারের আগ্রহ কম।’

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজটির জন্য দায়িত্বপ্রাপ্ত, কিন্তু নিজেদের অদক্ষতা এবং দক্ষ জনবলের অভাবে তারা এই কাজ করতে র্ব্যথ হয়েছে।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেসবাহউদ্দিনকে প্রধান করে কমিটি দু’টি গঠন করা হয়। পরবর্তীতে কাজী মেসবাহউদ্দিন অতিরিক্ত কাজের চাপ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যহতি নিলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালককে নির্বাহী কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়।

কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বিডিনিউজকে বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর যতটা শক্তিশালী ও গতিশীল হওয়া দরকার ততটা তারা নয়।’ এছাড়াও তিনি ব্যুরোর দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব এবং প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রিতা রয়েছে বলে জানান।

এদিকে পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নির্বাহী কমিটি দু’বার বৈঠকে বসলেও কাজের ক্ষেত্রে কোন কার্যকর অগ্রগতি হয়নি।

সমষ্টিক অর্থনীতির সূচকগুলোকে আরও বিশ্বাসযোগ্য ও প্রাসঙ্গিক করার জন্য মাঠ পর্যায়ে জরিপ চালানোর কথা রয়েছে কমিটি দু’টির।

অধ্যাপক মাহমুদ বলেন, ‘আয়, ব্যয় ও পণ্য ব্যবহারের পরিমান নিরূপনে বর্তমান সনাতন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রচলন করা উচিত।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রায়শঃই বলেন, উৎপাদন ও পণ্যের ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যে পরিবর্তন সাধিত হয়েছে এবং এগুলোকে মোট জাতীয় উৎপাদনের হিসাবে অর্ন্তভুক্ত করা উচিত।

সাইফুর রহমান বলেন, দেশের অর্থনীতির ক্ষেত্রে অবদান রাখার মত নতুন অনেক খাত রয়েছে।’ জাতীয় অর্থনীতির সূচকগুলোর যখন হিসেব নিকেশ করা হয় তখন এই বিষয়গুলো বিবেচনা করা হয়না বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

মন্ত্রী হিসাবরক্ষণের বর্তমান পদ্ধতিকে ত্রুটিযুক্ত আখ্যায়িত করে বলেন, সূচকগুলোর অধিকাংশই পুরোনো পদ্ধতিতে সংগ্রহীত তথ্যের ওপর ভিত্তি করে করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে সরকার দেশের অর্থনৈতিক সূচক হিসেব করতে ১৯৯৫-৯৬ সালকে কে ‘ভিত্তি বছর’ হিসেবে বিবেচনা করছে যা সঠিক পরিস্থিতির প্রতিফলন ঘটাচ্ছে না।