তৈরি পোশাক খাতে সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করতে জাতীয় সংগঠন হচ্ছে
তৈরি পোশাক খাতে নিয়মিত মনিটরিং ও সামাজিক কমপ্লায়ান্স নিশ্চিত করতে শিগগিরই স্টেকহোল্ডারদের নিয়ে একটি জাতীয় সংগঠন গঠিত হচ্ছে।
আন্তর্জাতিক ক্রেতাদের একটি কমিটি সঙগঠনের কাজ সমন্বয় করতে পারে।
সোমবার নগরীর আইডিবি ভবনে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি পোশাক শিল্প মালিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ট্রে ইউনিয়ন নেতৃবৃন্দ, এনজিও ও আন্তর্জাতিক দাতা সংস্থারা সম্মেলনে অংশ নেয়।
কাজের পরিবেশ, মজুরি, নিরাপত্তা, কর্মঘন্টা এবং শ্রমিকদের অধিকার ও জীবনযাত্রার মান সম্পর্কিত অন্যান্য বিষয়ের সমন্বয়ে সামাজিক কমপ্লায়েন্স ইস্যু গঠিত।
কমিটি গঠনের জন্য কোনও সময় নির্ধারণ করা হয় নি। কিন্তু ইউএনডিপি ও অন্যান্য দাতা সংস্থা সম্মেলনে জানায় যে এক বছরের মধ্যে এই খাতে সামাজিক কমপ্লায়েন্স অর্জন করতে হবে।
সম্মেলনে জার্মান ভিত্তিক ক্রেতা কার্সটাডি কোয়েলি’র মারেন বোহেম বলেন, বাংলাদেশের মনে রাখতে হবে সামাজিক ইস্যুর নন-কমপ্লায়েন্স গার্মেন্ট ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোয়েলি স্থানীয় গার্মেন্টসের অন্যতম ক্রেতা এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম খুচরা বিক্রেতা।
তিনি বলেন, বাংলাদেশের জন্য সামাজিক কমপ্লায়ান্স একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এবং একে অবহেলা করার কোনও উপায় নেই।
স্পেন ভিত্তিক ইউরোপের ক্রেতা ইন্ডিটেক্স এর প্রতিনিধি জ্যাভিয়ার চেরকোলেস বলেন, স্পেকট্রাম দুর্ঘটনার পর তারা কমপক্ষে ৭০ জন ক্রেতার কাছ থেকে বাংলাদেশ থেকে রপ্তানি প্রত্যাহার করে নেয়ার চিঠি পেয়েছেন।
সম্মেলনে তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা সোমবার হুশিয়ারি উচ্চারণ করেছেন, স্থানীয় গার্মেন্টস মালিকরা সামাজিক কমপ্লায়ান্স না মানলে বাজার হারানোর সম্ভাবনা রয়েছে। তারা এ জন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
ইন্টারন্যাশনাল এমএফএ ফোরাম ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে আইডিবি ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট-এমএফএ পরবর্তী সময়ের পরিস্থিতির আলোকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অতীত বর্তমান ও ভবিষ্যত বিশ্লেষণের লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়।
এতে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা মন্তব্য করেন, গত ১ জানুয়ারি ২০০৫ তারিখে তৈরি পোশাক আমদানি রপ্তানিতে কোটা-পদ্ধতি উঠে যাবার পর থেকে ক্রেতাদের জন্য বাংলাদেশের রাজনীতি, লিড টাইম ও কমপ্লায়ান্স প্রধান ইস্যু হয়ে উঠেছে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি’র পিএইচডি শিক্ষার্থী জনাথন রোজ জানান, কোটামুক্ত পরিস্থিতিতে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রধান জিনস রপ্তানিকারী দেশে পরিণত হয়েছিলো। কিন্তু, স্পেকট্রাম ট্রাজেডির পর বাংলাদেশের তৈরি পোশাকের গুরুত্ব কমে গেছে।
