ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সরকার এসএমই ফাউন্ডেশন গঠন করছে
সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গঠন করছে। ইতিমধ্যে এসএমই টাস্কফোর্স সুপারিশ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য পৃথক সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সোমবার এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক), সাব-কন্ট্রাটিং সেলের ডেপুটি জেনারেল ম্যানেজার সালেহ আহমেদ।
মতিউর রহমান নিজামী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একটি প্রকল্পে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছে। এর আওতায় বাংলাদেশ ব্যাংক এসএমই’র উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ডলার ঋণ বিতরণ করছে।
মন্ত্রী বলেন, সরকার দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য এসএমই’র প্রতি বিশেষ অগ্রধিকার প্রদান করছে।
ইআইবি’র যন্ত্র প্রকৌশল বিভাগের চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প সচিব নূরুল আমীন, ম্যাক্স গ্রুপ অব ইন্ডাষ্ট্রির ব্যবস্থাপনা পরিচালক গোলাম আলমগীর ও বিসিকের চেয়ারম্যন সিকান্দর আলী মন্ডল।
প্রবন্ধে সালেহ আহমেদ বলেন, প্রস্তাবিত পিপিএ ২০০৫ এর খসড়ায় যে পাঁচটি ক্রয় পদ্ধতির প্রস্তাব আছে, তার মধ্যে সাব-কন্ট্রাটিং পদ্ধতিতে ক্রয়ের কোন সুযোগ রাখা হয়নি। খসড়ায় এই পদ্ধতি অর্ন্তভূক্ত করার প্রস্তাব করেন তিনি।
শিল্প সচিব বলেন, আমাদের পুরানো শিল্পের ৪০-৪৫ শতাংশ রুগ্ন। একই অবস্থায় রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
তিনি বলেন, পিআরএসপি বাস্তবায়নে এসএমই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইতিমধ্যে গঠিত এসএমই সেল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কার্যক্রম পরিচালিত করছে। তিনি জোর দিয়ে বলেন, এসএমই সম্পর্কিত সরকার পরিসংখ্যান ত্রুটিপূর্ণ।
মাঝারি শিল্প উদ্যোক্তা গোলাম আলমগীর বলেন, বাজেটে সম্পূর্ণ প্রস্তুত পণ্য ও কাঁচামাল আমদানির মধ্যে শুল্ক পার্থক্য হ্রাস করছে। ফলে এসএমইগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সুদের হারের উর্ধ্বগতি এসএমই’র জন্য ক্ষতিকারক।
