সমুন্নয়ের প্রকাশিত ‘২০০৫-০৬ অর্থবছর : বাজেট সহজ পাঠ’ বইয়ের মোড়ক উন্মোচন
বেসরকারী সংস্থা সমুন্নয় কর্তৃক প্রকাশিত ‘২০০৫-০৬ অর্থবছর: বাজেট সহজ পাঠ’ বইয়ের মোড়ক উন্মোচন রোববার অনুষ্ঠিত হয়। সাবেক অর্থমন্ত্রী ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এম সাইদুজ্জামান বইটির মোড়ক উন্মোচন করেন।
সমুন্নয়’র চেয়ারম্যান ড. আতিউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং মানুষের জন্য এর প্রোগাম ম্যানেজার সানজিদা সোবহান।
ড. আতিউর রহমান বলেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিকজন জাতীয় বাজেটের খুঁটিনাটি পরিস্কারভাবে বোঝেন না। অথচ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওঠানামা কিংবা বাড়তি করের ভার অনেকটা তারাই ভোগ করেন।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কিছুটা হলেও সহজভাবে বুঝতে পারেন সেই লক্ষ্য প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই বাজেট সহজ পাঠ প্রকাশ করা হয়েছে। এতে রয়েছে বাজেটের বিভিন্ন খাতভিত্তিক সহজ-সরল ভাষায় বিশ্লেষণধর্মী বর্ণনা।
তিনি আরো বলেন, বাজেট প্রণয়ণ প্রক্রিয়ায় জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই।
এম সাইদুজ্জামান বলেন, সঞ্চয়ের সমূদয় অর্থ আমরা বিনিয়োগ করতে পারছি না। দেশে একক প্রতি প্রবৃদ্ধির জন্য অধিক বিনিয়োগের প্রয়োজন হচ্ছে। আমরা বিনিয়োগ প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না, যা আতঙ্কজনক।
তিনি বলেন, স্থানীয় সরকারকে উন্নয়ন প্রচেষ্টায় জড়িত করতে না পারায় আয়ের সাম্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
অর্থমন্ত্রীর বাজেটের বক্তব্যের ত্রুটি উল্লেখ তিনি বলেন, দেশের সম্পদের অপ্রতুলতা ও অপচয় হ্রাসের বিষয়ে বাজেটে উল্লেখ নেই।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, বাজেট বোঝার জন্য সবচেয়ে বেশি জরুরি বাজেট ট্রাকিং।
তিনি বলেন, আমরা এমন পরিস্থিতিতে আছি, যখন সরকার জনগণকে উৎসাহিত করছে কালো টাকা কিভাবে সাদা করা যায়। নৈতিকতা বিবর্জিত এ বাজেটে সাদা টাকায় কিভাবে সাদামাটা জীবন জাপন করা যায়, তার দিকনির্দেশনা নেই।
সানজিদা সোবহান বলেন, সাধারণ মানুষের ভুমিকায় বাজেট তৈরি হলেও বাজেট সম্পর্কিত সকল তথ্য তারা জানাতে পারেনা। অথচ তাদের তা জানার অধিকার রয়েছে।
