চীনা মন্ত্রীর সাথে সফররত আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক
চীনের আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার কাই ওয়া’র সঙ্গে সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দল শনিবার বৈঠক করেছে।
দু’ঘন্টার এ বৈঠকে তারা দু’দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষা, কৃষি, শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সকল বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা এবং সহযোগিতার ক্ষেত্রসমূহ আরো সম্প্রসারিত করার ব্যাপারে কাই ওয়া চীন সরকারের পক্ষে গভীর ইচ্ছা প্রকাশ করেন।
শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কাই ওয়া তার বক্তব্যে চীনা কমিউনিষ্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে দীর্ঘ দিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের মধ্য দিয়ে দু’দলের মধ্যে সম্পর্কের সূচনার কথা জানান।
তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্ব ও সরকার পরিচালনায় তার সফলতার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপি এবং চীনা নেতা ইয়ান সুইডং, কাও ঝি জাং, ঝাং উই ও ঝা কিয়াং উপস্থিত ছিলেন।
