ডিসেম্বর মাসে ৩য় দফা বিডিং এ যাবে সরকার
বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে দেশের তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধানে আগামী ডিসেম্বর মাসে ৩য় দফা বিডিং এ যাওয়ার পরিকল্পনা নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
আজ শনিবার পেট্রোবাংলা এবং এর কোম্পানিগুলোর সাথে প্রথম পর্যালোচনা বৈঠকে নব নিযুক্ত জ্বালানি উপদেষ্টা এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রস্তুতি গ্রহনের নির্দেশ দেন।
বৈঠক শেষে বিডিনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, প্রতিবেশি ভারত এবং মায়ানমার গভীর সমুদ্রে অনুসন্ধান করে গ্যাস আবিষ্কার করলেও আমাদের এখানে তেমন কোনো অগ্রগতি নেই। অগভীর পানিতে তেল গ্যাস অনুসন্ধানের জন্য কয়েকটি ব্লক নিয়ে পিএসসি স্বাক্ষর করা হলেও অনেকে কাজ না করে হাত গুটিয়ে বসে আছে। এ অবস্থার অবসান দরকার।
তিনি বলেন, এই পর্যায়ে আমাদের সমুদ্রসীমার গভীর অঞ্চলকেও ব্লকের আওতায় এনে তাতে অনুসন্ধানের উদ্যোগ নেয়া হবে।
তবে কি সরকার কেবলমাত্র গভীর সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করবে? এর জবাবে মাহমুদুর রহমান বলেন, “আমি চাই গভীর সাগরে গ্যাস অনুসন্ধানের বিষয়কে অগ্রাধিকার দিতে। কিন্তু প্রয়োজনে পুরো দেশে নতুন ভাবে ব্লক বিভাজন করে নতুন করে পিএসসি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে।”
নতুন পিএসসি স্বাক্ষর নিয়ে আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এটি খারিজ করানোর ব্যাপরে আইনগত উদ্যোগ নেবো।
উল্লেখ্য, দেশের মোট ২৩টি ব্লকের মধ্যে পিএসসি‘র আওতায় বর্তমানে ১১টি ব্লকে বিদেশী তেল কোম্পানি (আইওসি) কাজ করছে। আর ৮ এবং ১১ নং ব্লক অনুসন্ধানের জন্য সরকারের বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কে বরাদ্ধ দেয়া হয়েছে।
উৎপাদন অংশীদারিত্ব চুক্তি (পিএসসি) এর আওতায় ৮৪ সালে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের ছয়টি ব্লক আইওসিকে (আন্তর্জাতিক তেল কোম্পানি) দেয়া হয়। পরে ৯১ সালে সমঝোতার মাধ্যমে আটটি ব্লক নিয়ে আইওসি‘র সাথে চুক্তি হয়। এর মধ্যে সাঙ্গু ফিল্ড থেকে কেয়ার্ণ এবং জালালাবাদ ও মৌলভিবাজার ফিল্ড থেকে ইউনোকল প্রতিদিন ৪৭০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করছে। ৯৭ সালে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করে নির্বাচিত কোম্পানির সাথে আরো চারটি ব্লক নিয়ে পিএসসি স্বাক্ষর করা হয়। এর মধ্যে ৯ নং ব্লকে টাল্লো গ্যাস আবিষ্কার করেছে। কেয়ার্ণ এবং ইউনোকল তাদের তিনটি ব্লকে কাজ শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে নতুন করে বিডিং এর আগে দেশকে নতুন ব্লকে বিভাজন করতে হবে। একই সাথে পিএসসিতে প্রায়োজনীয় সংশোধন এনে সাগরে এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী করে তুলতে হবে।
কিন্তু এতো কম সময়ে এই প্রস্তুতি শেষ করা সম্ভব কিনা এর জবাবে মাহমুদুর রহমান বলেন, কেন নয়! কমিটমেন্ট নিয়ে যদি দক্ষ লোকদের কাজে লাগানো যায় তা হলে অবশ্যই সম্ভব।
