সমবায় ব্যাংককে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর করা হবে: মান্নান ভূঁইয়া
সরকার সমবায় সেক্টরের একমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠান সমবায় ব্যাংককে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের চিন্তা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শনিবার মহানগর নাট্য মঞ্চে ব্যাংকের ২৮ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সমবায়ীদের সুবিধার্থে সমবায় ব্যাংককে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে ভাষণে উল্লেখ করেন।
তিনি বলেন, এছাড়া ব্যাংকের ঋণ কর্মসূচী আবারও চালু করার লক্ষ্যে বিধি মোতাবেক সরকার বাংলাদেশ ব্যাংকে ৫০ কোটি টাকা জামানত প্রদান করতে সম্মতি প্রদান করেছে।
সেই সাথে সমবায় ব্যাংককে এককালীন সীড ক্যাপিটাল সরবরাহ এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সম্পৃক্ত করার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী পুরনো ঋণের আসল টাকার কিস্তি পরিশোধ করে নতুন ঋণ গ্রহণের সুবিধা নিতে সমবায় ব্যাংকের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান।
সমবায় ব্যাংকের চেয়ারম্যান ভূমি উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হেদায়েতুল ইসলাম চৌধুরী, সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার শেখ আলতাফ আলী, জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুল আলী মৃধা এবং ব্যাংক পরিচালনা পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন।
