২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর শেয়ার কেলেঙ্কারি মামলার বিচার কাজ শুরু

দীর্ঘ নয় বছর পর বৃহস্পতিবার ইমতিয়াজ এন্ড কোম্পানির বিরুদ্ধে সিকিউরিটি একচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা শেয়ার কেলেঙ্কারি মামলার শুনানি শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নজরুল ইসলামের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বাদি এসইসি’র সাবেক কর্মকর্তা এমএ রশিদ খান সাক্ষ্য প্রদান করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আইন বহির্ভূত পন্থায় শেয়ার বাজারকে অবৈধভাবে প্রভাবিত করে কৃত্রিম বাজার মূল্য সৃষ্টি করে।

এর ফলে ১৫টি কোম্পানি অন্যায়ভাবে লাভবান হয়েছে বলে মামলায় বলা হয়।

পরের বছর ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে ১৯৫৯ সালের সিকিউরিটিজ একচেঞ্জ অধ্যাদেশ আইনের ২৪ ধারায় মামলা করা হয়।

এর আগে ১৯৯৬ সালে শেয়ার বাজারে ধস নামার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. আমিনুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। ওই কমিশন ১৫টি কোম্পানিকে দায়ী করে প্রতিবেদন দাখিল করে।

মামলার অভিযোগ গঠন করা হলে কোম্পানিগুলো হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পায়।

সম্প্রতি ইমতিয়াজ এন্ড কোম্পানির স্থগিতাদেশ বাতিল হলে মামলাটির বিচার কাজ আবার শুরু হয়।

আগামী ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।