২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য প্রযুক্তি খাতে প্রস্তাবিত কর তুলে নিতে সরকারের প্রতি অনুরোধ

দেশের তথ্য প্রযুক্তি খাতে কর্মরত শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং শীর্ষ ব্যবসায়ীরা বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে সফটওয়ার ইন্ডাস্ট্রির ওপর ১০ ভাগ কর আরোপ না করা এবং এই খাত হতে কর অবকাশ তুলে নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নগরীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সফটওয়ার ইন্ডাস্ট্রি সংক্রান্ত বাজেট নীতিমালা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অনুরোধ জানান।

বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়ার এন্ড ইনফোরমেশন সার্ভিসেস (ব্যাসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং ইন্টারন্যাশনাল সার্ভিস প্রভাইডারস এসোসিয়েশন (আইএসপিএবি) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এর সহায়তায় যৌথভাবে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিসিএস সভাপতি এসএম ইকবাল, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ড. আমিনুল হক, বিটিআরসি’র সাবেক সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ, এফবিসিসিআই’র পরিচালক আক্তারুজ্জামান মনজু, এএমসিএইচএএম’র সভাপতি আফতাব উল ইসলাম, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং অর্থনীতিবিদ ড. আতিউর রহমান আলোচনায় অংশ নেন।

এফবিসিসিআই সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, কর আরোপের ফলে সম্ভাবনাময় এ খাতটি ক্ষতির সম্মুখীন হবে এবং পাশাপাশি দুর্নীতি প্রসার লাভ করবে।

ব্যাসিসের সভাপতি সরওয়ার আলম বলেন, যদি সঠিক পরিবেশ দেয়া হয় তাহলে সফটওয়ার খাত জাতীয় উন্নতির চালিকা শক্তি হতে পারে।

তিনি আরো বলেন, সরকারের প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্থানীয় সফটওয়ার ডেভেলপারদের প্রযুক্তি ব্যবসা এখনও দুর্বল অবস্থানে রয়েছে। অর্থ মন্ত্রণালয় সফটওয়ার ডেভেলপার এবং তথ্যপযুক্তি খাতের উপর প্রায়শঃ কঠোর মনোভাব পোষণ করে।

আর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, দেশের আইসিটি খাতের ভবিষ্যত নির্ভর করছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং সার্ভিসগুলোকে পুরোপুরি কম্পিউটারইজেশনের মাধ্যমে ই-গভার্নেন্স চালু করে স্থানীয় সফটওয়ার সার্ভিস ব্যবহার। তিনি আরো বলেন, এর ফলে স্থানীয় তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রি সম্প্রসারিত হবে। স্থানীয় বাজারের ব্যাপ্তি ঘটবে এবং প্রচুর চাকুরির সুযোগ উন্মুক্ত হবে।

বিসিএস সভাপতি এসএম ইকবাল বলেন, এই খাত সম্প্রসারণ করতে অগ্রাধিকার না পাওয়ার ফলে এই খাতকে কোনক্রমে অগ্রসরমান খাত হিসেবে আখ্যা দেয়া যায় না।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, করারোপের ফলে কিছু রাজস্ব আদায় হয়তো হবে কিন্তু এর কারণে ক্ষতি হবে অনেক বেশি।

শীর্ষ সফটওয়ার ব্যবসায়িরা জানান, আগের অর্থবছরের তুলনায় ২০০৩-০৪ অর্থবছরে সফটওয়ার রপ্তানী ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বছরের প্রথম ছয় মাসেই এই বৃদ্ধি দেখা যায় ১২২ শতাংশে।