গ্রামীন ফোনের বিরুদ্ধে ৩১ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সবচে’ বড় মোবাইল ফোন কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩১ কোটি টাকা মূল্য সংযোজন কর ও এর সুদ ফাঁকির অভিযোগ এনেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের দুটি এজেন্সির তদন্ত রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) গত ৬ জুন গ্রামীন ফোন লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক বরাবর এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করে।
চিঠিতে বলা হয়েছে উল্লেখিত কোম্পানি ভ্যাট ও সুদসহ সরকারের মোট ৩০৯,৭৪৫৮৭৮ টাকা ফাঁকি দিয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ টাকা পরিশোধ না করলে ভ্যাট আইনের আওতায় টাকা আদায় করা হবে।
গ্রামীন ফোন ১৯৯৭ সালে বাংলাদেশ রেলওয়ের সাথে অপটিক্যাল ফাইবার ডিজিটাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লিজ গ্রহণ করার জন্য যে চুক্তি করে, তার শর্ত অনুযায়ী বাংলাদেশ রেলওয়েকে প্রদত্ত সেবা মূল্যের বিপরীতে ১৫ শতাংশ হারে সরকারকে ভ্যাট দেওয়ার কথা।
এনবিআর’র তদন্তে দেখা ৯৭ সাল থেকে গ্রামীন ফোনের কাছে সরকারের পাওনা ৩০৯,৭৫৪,৮৭৮ টাকার মধ্যে ১৮৫,৫০৯,৪৬৩ টাকা ভ্যাট (১৫ শতাংশ হারে) এবং দুই শতাংশ হারে ১২৪,২৩৬,৪১৪ টাকা সুদ।
একজন এনবিআর কর্মকর্তা জানান, সরকারি ট্রেজারিতে ভ্যাটের টাকা পরিশোধ করার বিধান রয়েছে।
এনবিআর’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, দেশের সবচে’ বড় মোবাইল কোম্পানি চুক্তি অনুযায়ী এখনও সরকারকে ভ্যাট দেয়নি।
এনবিআর’র চিঠিতে বলা হয়েছে, গ্রামীন ফোন ভ্যাট আইনের ৬ ধারা এবং এই আইনের ২৩ বিধি লঙ্ঘন করেছে যা শাস্তিযোগ্য অপরাধ।
বৃহৎ করদাতা ইউনিট কমিশনার ফরিদ উদ্দিন কর্তৃক ইস্যুকৃত চিঠিতে সাত কার্য দিবসের মধ্যে গ্রামীন ফোনকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় উক্ত অপরিশোধিত ভ্যাট ও সুদ মূল্য সংযোজন কর আইনের বিধান মতে আদায়ের ব্যাবস্থা নেওয়া হবে।
গ্রামীন ফোনের মহাব্যাবস্থাপক সৈয়দ ইয়ামিন বখতের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, তিনি এনবিআর’র দাবি করা ৩১ কোটি টাকা ভ্যাট ফাঁকি সম্পর্কে কিছু জানে না।
