সিম কার্ডের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা মানববন্ধন করবে
সিম কার্ডের ওপর থেকে ১২০০ টাকা ও মোবাইল সেটের ওপর থেকে ৩০০ টাকা কর প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ টেলিকম ব্যবসায়ী সমিতি (বিটিবিএস) রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।
মোবাইল ফোন, প্রি পেইড ফোন কার্ড, ফ্যাক্স সার্ভিসের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সমিতি বিটিবিএস নিজেদের দাবি জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিবিএস নেতারা ইনকামিং কলচার্জ কমানোসহ মোবাইল ফোনের কল চার্জ কমানোর দাবি জানায়।
সমিতি জানায়, সরকার তাদের দাবি পূরণ না করলে তারা বড় ধরনের আন্দোলনে যাবে।
সম্মেলনে বিটিবিএস সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান প্রিন্স জানান, সরকার সিম কার্ডের ওপর ১২০০ টাকা কর আরোপ করায় মোবাইল ফোন খাতের সম্প্রসারণ হ্রাস পাবে।
তিনি বলেন, সরকার মোবাইল সিমকার্ড ও সেটের ওপর থেকে কর প্রত্যাহার করলে বিপুল সংখ্যক গ্রাহকদের কাছ থেকে প্রচুর রাজস্ব আয় করতে পারবে।
তিনি বলেন, মোবাইল ফোন আজ একটি প্রয়োজনীয় জিনিষ। এমনকি গ্রামের কৃষকও যোগাযোগের সুবিধার জন্য এ ফোন ব্যবহার করতে পারে।
বিটিবিএস সভাপতি বলেন, মোবাইল ফোন অপারেটরদেরও উচিত কলচার্জ কমানো এবং ফিক্সড লাইন ফোন থেকে আসা কলের ইনকামিং কল চার্জ বাদ দেয়া।
