ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও বন্টন পরিকল্পনার খসড়া প্রনয়ণের প্রস্তুতি সম্পন্ন
দেশের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির যথাযথ ব্যাবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও বন্টনের জন্য একটি খসড়া পরিকল্পনা প্রনয়ণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বুধবার সিরডাপ মিলনায়তনে পরিকল্পনাটি চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানায়।
মোবাইল ও ল্যান্ড ফোন কোম্পানি, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জাতীয় নিরাপত্তা বিভাগসহ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহের শতাধিক প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, তার ও টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ফ্রিকোয়েন্সি ব্যাবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে।
মন্ত্রী বলেন, পরিকল্পনা ছাড়া নতুন ফ্রিকোয়েন্সি ব্যাবহারকারীদের চাহিদা মেটানো কঠিন হবে।
তিনি আরও বলেন, অন্যান্য দেশের মত বাংলাদেশও ফ্রিকোয়েন্সি বরাদ্দ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এর সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করবে।
কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান এএম রেজা-ই-রাব্বি।
বিশ্ব ব্যাংকের সহায়তায় ছয় মাস ধরে যুক্তরাজ্যভিত্তিক একটি আইটি কনসালটেন্ট প্রতিষ্ঠান এ ব্যাপারে কাজ করছে।
কর্মশালায় বিটিআরসি কমিশনার বিচারপতি আব্দুস সালাম বক্তব্য রাখেন।
বিশেষজ্ঞরা বলেন, ফ্রিকোয়েন্সির প্রযুক্তিগত ও আইনগত জটিলতা রয়েছে কিন্ত তার মধ্যেই যথার্থ ও কার্যকরভাবে এর ব্যবহার নিশ্চিত করতে হবে।
কর্মশালায় বলা হয়, ক্রেতা ও রেডিও সার্ভিসের জন্য সরকারের চাহিদা মেটানোর জন্যে নতুন সার্ভিস চালু করার অনুমতি দেয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
বিশেষজ্ঞরা বলেন এই পরিকল্পনাটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
