২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস কারখানায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি করেছে বিকল্প ধারা

বিকল্প ধারা বাংলাদেশ মঙ্গলবার দেশের তৈরি পোষাক শিল্পের শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধাসহ গার্মেন্টস কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

গার্মেন্টস শ্রমিকদের রক্ষায় জাতীয় কমিটির সাথে বিকল্প ধারা নেতৃবৃন্দের মত বিনিময় সভায় এ দাবি উত্থাপিত হয়।

বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বদরুদ্দোজা চৌধুরী অবিলম্বে ওয়ান স্টপ রপ্তানি উন্নয়ন কেন্দ্র বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, দেশের তৈরি পোষাক শিল্পের সমস্যার সমাধান করার এখনই উপযুক্ত সময়। বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের টিকে থাকতে হলে এই খাতের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেশের মোট জাতীয় উৎপাদনে এই খাতের অবদান নয় দশমিক তিন শতাংশ।

তিনি কর্মস্থল ও কাজের পরিবেশ, বেতন, স্বাস্থ্য সেবা ও ন্যূনতম মূল্যে আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।

সাভারের স্পেকট্রাম ট্রাজেডির কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও ওই দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণেরও দাবি করেন।

বৈঠকে বিডিবি নেতা মেজর জেনারেল (অব:) এমএ হালিম, খালেদ হোসেন, মোড়ল আমজাদ হোসেন, ট্রেড ইউনিয়ন নেতা আবুল হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও আলমগীর রনি উপস্থিত ছিলেন।