২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি লাভজনক প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, সরকারি মালিকানার বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পরিকল্পনা করছে সরকার। তিনি আরও জানান, টেলিটক কোম্পানির মূলধনের একটি নির্দিষ্ট অংশ পুঁজিবাজার থেকে ইক্যুইটি বা বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করার বিষয় সরকারের বিবেচনায় আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের এমপি আবদুস সোবহানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদে অর্থমন্ত্রী আরও জানান, পুঁজিবাজারে ভাল সিকিউরিটিজের যোগান বাড়ানোর জন্যে কয়েকটি বিষয় সরকারের বিবেচনাধীন আছে। এ সব বিষয়ের মধ্যে রয়েছে-স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সরকারি মালিকানাধীন শেয়ার বিক্রি ও হস্তান্তর, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয়, এমন সরকারি মালিকানাধীন মুনাফা অর্জনকারি প্রতিষ্ঠানসমূহের সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি, সরকারি কোম্পানি ও বিধিবদ্ধ সংস্থা কর্তৃক সরাসরি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বন্ড ইস্যু এবং ভবিষ্যতে সরকার যে সকল কোম্পানিতে উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করবে, তা অবশ্যই পাবলিক কোম্পানি হিসেবে নিবন্ধিত করা।