প্রকৃত ব্যবসায়িরা থাইল্যান্ডের মাল্টিপ্ল ভিসা সুবিধা পাবে
এফবিসিসিআই-এর সুপারিশসহ যদি কোন ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেন তাহলে আবেদনকারীকে এক বছরের মাল্টিপ্ল ভিসা প্রদানের আশ্বাস দিয়েছেন থাই রাষ্ট্রদূত।
মঙ্গলবার এক সাক্ষাতকালে এফবিসিসিআই-এর সভাপতি আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশী ব্যবসায়ীদের থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রদান সহজীকরণের জন্য অনুরোধ জানালে থাই রাষ্ট্রদূত সুপাথ চিত্রানুকরোহ এই আশ্বাস দেন।
থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিল-এর সভাপতি মি. মিংপান্থ চাইয়া এবং থাই দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলার মি. পানিতি উথাইরাত এসময় উপস্থিত ছিলেন।
থাই রাষ্ট্রদূত এসময় এফবিসিসিআই সভাপতিকে আগামী ১৪-২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় থাই ফেস্টিভল-২০০৫ এর প্রাথমিক অনুষ্ঠানসূচি হস্তান্তর করেন ।
রাষ্ট্রদূত উল্লেখ করেন থাই সরকার মনে করে থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরো বাড়াতে হবে এবং থাই সরকার বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে ব্যবসায়ী সম্প্রদায়কে সর্বপ্রকার সহযোগিতা করবে।
বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, সামুদ্রিক ও হিমায়িত খাদ্য রপ্তানির ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে বলে থাই রাষ্ট্রদূত উল্লেখ করেন।
তিনি বলেন থাই সরকার ও বেসরকারিখাত বাংলাদেশের সম্ভাবনাময় জ্বালানি ও পেট্রো-কেমিক্যাল খাতে অধিক বিনিয়োগে আগ্রহী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশে ফুলের চাষ, পোলট্রি, মৎস্য এবং কৃষিখাতের বিনিয়োগ করলে দুই দেশই এর সুফল ভোগ করবে। তিনি সেবা খাত বিশেষ করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি করার পরামর্শ দেন। মিন্টু উল্লেখ করেন বাংলাদেশের চট্টগ্রাম ও থাইল্যান্ডের চিয়াংমাই এর মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি করা উচিৎ।
এফবিসিসিআই-এর সভাপতি থাইল্যান্ড সরকারকে বাংলাদেশী ১২৮টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ ও ২৩১টি পণ্যের কর হ্রাসের ঘোষণাকে ধন্যবাদ জানিয়ে আশা ব্যক্ত করে বলেন এই তালিকা আরো বৃদ্ধি পাবে এবং এর ফলে বাংলাদেশী রপ্তানি থাইল্যান্ডে বৃদ্ধি পাবে।
আলোচনাকালে এফবিসিসিআই-এর সহ-সভাপতি আবুল কাসেম হায়দার, এফবিসিসিআই-এর পরিচালক কাজী মনিরুল হক, বাংলাদেশ থাইল্যান্ড চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদ মাকসুদ খান উপস্থিত ছিলেন।
