শেয়ার পতনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংশ্লিষ্টতা তদন্তে সময় বাড়ছে
ঢাকার পুঁজিবাজারে অস্বাভাবিক শেয়ার সূচক পতনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জড়িত থাকার অভিযোগ তদন্তে নিযুক্ত কমিটিকে ১৫ জুলাই পর্যন্ত সময় বাড়িয়ে দেয়া হচ্ছে।
আগামী ২৩ জুন এই কমিটির তদন্তের সময় শেষ হয়ে যাওয়ার কথা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তদন্ত সময় বাড়িয়ে দিচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও এসইসি’র নির্বাহী পরিচালক শুভ্র কান্তি চৌধুরী বলেন, তদন্ত কার্যক্রম অনেকখানি এগিয়েছে। তবে এর জন্য আরো সময় প্রয়োজন।
তদন্তের পাশাপাশি শেয়ার বাজারের স্বচ্ছতা আনায়নে কমিটি বেশ কিছু সুপারিশ করবে বলে জানা গেছে। গত ২ মে ও তার আগের দুই সপ্তাহে অস্বাভাবিক দ্রুত শেয়ার সূচকের পতন হয়। এ ব্যাপারে ডিএসই এসএসসির কাছে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে।
ডিএসই কর্মকতারা বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ে জন্য বড় অংকের ঋণদান করে। পরবর্তীতে মূল্য পতন শুরু হলে সাধারণ বিনিয়োগকারীদের ঋণের টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। এছাড়া ওই সময়ে শেয়ার ক্রয় বিক্রয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিরুদ্ধে আরো কিছু অনিয়মের অভিযোগ রয়েছে।
উিএসই সূত্র জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (মেম্বার মার্জিন) বিধিমালা ২০০০ অনুসারে, সকল মেম্বারকে বা ব্রোকারদের প্রতিদিনের লেনদেনের ওপর ক্লিয়ারিং হাউজে মার্জিন জমা দিতে হয়। ৭টি ধাপে ২ থেকে ২০ কোটি টাকার লেনদেনের জন্য ৫ থেকে ১০০ শতাংশ মার্জিন ক্লিয়ারিং হাউজে জমা দিতে হয়। তবে মেম্বারদের একদিনে এক কোটি টাকা পর্যন্ত ও নিজেদের মধ্যে সরাসরি লেনদেন মার্জিন রুলের আওতায় পড়ে না।
মার্জিন বিধিমালা অনুসারে ব্রোকারদের মার্জিন দিতে হলেও মার্চেন্ট ব্যাংকে দিতে হয় না। ইতিমধ্যে ডিএসই এসইসি’র কাছে মার্চেন্ট ব্যাংকেও মার্জিনের আওতায় আনার প্রস্তাব দিয়েছে।
