কাঠ আমদানির ওপর সাড়ে ৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে কাঠ ব্যবসায়ীরা
বাংলাদেশ টিম্বার ইম্পোর্টার্স এণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিটিআইইএ) ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কাঠ আমদানির ওপর নির্ধারিত সাড়ে সাত শতাংশ শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছে।
সোমবার সংগঠনের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএসআই প্রথা বাতিল এবং পূর্ব নির্ধারিত পোর্ট ডেমারেজের হার বহাল করারও প্রস্তাব করা হয়।
ঢাকার একটি অভিজাত রেস্তোঁরায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামসুল হক। উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম বাবুল, নেছারউদ্দিন আহমেদ রিপন, অ্যাডভোকেট আবুল হাসান এবং জাবিদুর রহমান জাবেদ।
সভাপতি শামসুল হক বলেন, ১৯৮৮ সাল থেকে দেশের সরকারি বনাঞ্চল হতে কাঠ সংগ্রহ বন্ধ রয়েছে। ফলে আমদানি করা কাঠের মাধ্যমেই দেশের প্রায় ৯০ শতাংশ কাঠের চাহিদা পূরণ করা হয়। কাঠ আমদানিকে উৎসাহিত করতেই এ সময় আমদানি শুল্ক কমিয়ে শুন্যতে নামিয়ে আনা হয়।
তিনি বলেন, শুন্য শুল্কের কারণে প্রতি মাসে প্রায় এক কোটি ২০ ঘনফুট কাঠ আমদানি করা হয়। এতে তিন শতাংশ আয়কর এবং চার শতাংশ সারচার্জ বাবদ প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৭০ কোটি জমা হয়। এছাড়াও অন্যান্য খাত থেকে সরকার আরও ৫০ কোটি টাকার রাজস্ব পায়।
তিনি বলেন, চলতি ২০০৪-০৫ সালে কাঠ আমদানির ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ করারোপ করা হয়। ফলে এ বছরে কাঠের আমদানি ৭৫ শতাংশ কমে গেছে। চাহিদা পূরণ করতে ব্যবসায়ীদের দেশীয় কালোবাজারী ও কাঠ চোরাকারবারীদের সাহায্য নিতে হয়েছে।
তিনি বলেন, এতে চোরাকারবারীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতি বছর এসব চোরাকারবারীরা দেশের বনাঞ্চল থেকে প্রায় ১২০ কোটি টাকার কাঠ উজাড় করছে। যা দেশের বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করছে।
