কালো টাকা সাদা করার সময় বৃদ্ধি শেয়ার বাজারে কোন ইতিবাচক প্রভাব ফেলবে না
কালো টাকা সাদা করার সময় বাড়ানো ফলে শেয়ার বাজারসহ দেশের সামগ্রিক অর্থনীতির ওপর কোন ইতিবাচক প্রভাব পড়বেনা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শনিবার একথা বলেছে।
বাজেট পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, সাড়ে সাত শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার জন্য সময় বাড়ানোর ঘোষণা শেয়ার বাজারে কোন ইতিবাচক প্রভাব ফেলতে পারবে না।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএসই’র প্রেসিডেন্ট শাহিক খান এবং ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী।
সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, যদি শেয়ার বাজার অথবা শিল্পায়নে অর্থ বিনিয়োগের অনুমতি দেয়া হতো তাহলে দেশের অর্থনীতি উপকৃত হতো।
কালো টাকা বিনিয়োগের প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বলেন, অর্থ বিল ২০০৫ এ এব্যাপারে পরিষ্কার ধারনা দেয়া উচিত। প্রস্তাবিত বাজেট শেয়ার বাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান মির্জা আজিজ।
ডিএসই পক্ষ থেকে জানানো হয় শনিবার পর্যন্ত শেয়ার বাজারে ১৮ বিলিয়ন টাকা বিনিয়োগ হয়েছে।
এর আগে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার জন্য দুই বছর সময় দেয়া হয়েছিল।
ইউনিলিভার, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরিসহ ১৯টি রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে প্রবেশের সিদ্ধান্ত গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ডিএসই। এছাড়া বিদেশী প্রতিষ্ঠানগুলো যাতে করে দেশের শেয়ার বাজারে প্রবেশ করতে পারে সে লক্ষ্যে একটি গাইডলাইন তৈরির জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছে ডিএসই।
প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১০ শতাংশ বৃদ্ধি, ডিভিডেন্ড ডিসট্রিবিউশন ট্যাক্স প্রত্যাহার এবং ১০ শতাংশ উৎসে আয়কর কর্তনের প্রস্তাব রাখায় পুঁজি বাজার লাভবান হবে বলে জানায় ডিএসই। এছাড়া অনুমোদিত সিকিউরিটিজ এবং বন্ডের উপর বিদ্যমান উৎসে কর কর্তনের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ডিএসই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বলা হয়, ক্ষুদ্র কোম্পানিগুলোর উপর বর্ধিত কর প্রভাব ফেলবে। তবে ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক বড় কোম্পানি শুধুমাত্র জবাবদিহিতার কারনে পুঁজি বাজারে আসতে চায় না।
ব্রিফিংয়ে ডিএসই কর্তৃপক্ষ জানান, শেয়ার বিনিময়ের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান গুলোর একটি নির্দিষ্ট বোর্ডের বিষয়টি বিবেচনা করে দেখা হবে। শেয়ার বিনিময়ের বিপরীতে আয়করের পরিমান ০ দশমিক ০১৫ শতাংশ থেকে ০ দশমিক ০১০ শতাংশ নির্ধারনের দাবি জানান বক্তারা।
ডিএসই’র পক্ষ থেকে লভ্যাংশের উপর উৎসে কর্তনকৃত কর শেয়ারহোল্ডারদের চুড়ান্ত করদায় হিসেবে বিবেচনার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় তা বিনিয়োগকারীদের লভ্যাংশ আয় দ্বৈত করারোপের আওতায় পড়বে বলে আশংকা প্রকাশ করা হয়।
