অপ্রধান শস্যের জন্যে ২% সুদে নগদ ঋণ দেওয়া হবে
সরিষা, ডাল, আদা, রসুনসহ অপ্রধান শস্য উৎপাদনের ক্ষেত্রে নামমাত্র হার, শতকরা দুই ভাগ সুদে নগদ ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান।
পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি একথা জানান।
সাইফুর রহমান বলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের উনয়ন হবে না।
মন্ত্রী বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার এ খাতের অনুদান দ্বিগুণ করেছে, যার পরিমাণ ১২০০ কোটি টাকা।
২০০৫-২০০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার কৃষি মন্ত্রণালয়ের জন্যে ২,২১৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বর্তমান অর্থবছরের সম্পূরক বাজেট থেকে এটি ৪৩৬ কোটি টাকা বেশি।
