‘সেবা খাতই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস’
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস হচ্ছে সেবা খাত; শস্য, মৎস্য, পশুসম্পদ, খনিজ সম্পদ ও অন্যান্য দ্রব্য উৎপাদনের মতো প্রকৃত অর্থনৈতিক খাতগুলো নয়। তাই প্রবৃদ্ধি এক জায়গায় থমকে থাকার ঝুঁকি থেকেই যায়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বাজেট পরবর্তী আলোচনায় শুক্রবার এই আশংকা প্রকাশ করা হয় যে, বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে প্রবনতা, তাতে সরকারের পক্ষে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি হুমকির শিকার হতে পারে।
সিপিডি আরও জানায়, বাংলাদেশে জিডিপির হার আশাব্যঞ্জক বলে দাবি করা হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় তা মাঝারি মানের।
২০০৫ অর্থবছরে দেশের মোট জিডিপি হয়েছে ৫ দশমিক ৩৮ ভাগ। এর মধ্যে প্রকৃত অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ ভাগ এবং সেবা খাতে ৬ ভাগ।
কৃষি ক্ষেত্রে উৎপাদন কম হওয়ায় এ ক্ষেত্রে ধস নামে। এজন্য দেশের অর্থনীতির কাঠামোই যাচ্ছে বদলে।
২০০৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যেখানে কৃষি ক্ষেত্রের অবদান ছিল ২৩ দশমিক ১ ভাগ, সেখানে ২০০৫ সালে তা ২১ দশমিক ৯ ভাগে নেমে আসে।
এ খাতে অংশিদারিত্ব শতকরা ২৭ দশমিক ৭ ভাগ থেকে ২৮ দশমিক ৪ ভাগ বৃদ্ধি করা হয়েছে । সেবাখাতে ২০০৪ অর্থ বছরে শতকরা ৫০ দশমিক ৯ ভাগ থেকে ৫১ দশমিক ৪ ভাগে বৃদ্ধি করা হয়েছে।
কৃষি ও বন উপ বিভাগে তেমন কোনও অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ২০০৫ অর্থ বছরে প্রবৃদ্ধি বেড়েছে মাত্র ০ দশমিক ৭৩ ভাগ।
মৎস্য উপ খাতে প্রবৃদ্ধি ঘটে শতকরা ৪ ভাগ। কৃষিখাতে ২০০৫ অর্থ বছরে বেড়েছে মাত্র ০ দশমিক ৩ ভাগ।
২০০৫ সালে শিল্পখাতে শতকরা ৮ দশমিক ৬ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ঘটেছে, যা সবচাইতে ইতিবাচক প্রভাব ফেলেছে। শিল্পখাতে এই প্রবৃদ্ধি আট দশমিক চার, যেখানে উৎপাদন খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে আট দশমিক চার শতাংশ।
এ সময়ের মধ্যে বিদ্যুৎ, গ্যাস এবং উৎপাদন খাতে প্রবৃদ্ধি ঘটে নয় দশমিক এক শতাংশ।
প্রকৃত অর্থনৈতিক খাতে প্রবৃদ্ধি ২০০৪ সালে ছিলো ৩৩ দশমিক ছয়। ২০০৫ এ তা নেমে দাঁড়ায় ২৭ দশমিক তিন শতাংশে।
ভারতে জিডিপির প্রবৃদ্ধি হার ৮ দশমিক ১, পাকিস্থানে ৬ দশমিক ৪ এবং শ্রীলংকায় ৬ দশমিক ৫ শতাংশ।
