ঢাকার সঙ্গে গোটা দক্ষিণাঞ্চলের লঞ্চভাড়া হ্রাস
ঢাকার সঙ্গে গোটা দক্ষিণাঞ্চলের লঞ্চভাড়া বুধবার হ্রাস পেয়েছে। ঢাকা-বরিশাল রুটে এতদিন ভাড়া ছিল একশ’ টাকা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নতুন নির্ধারিত ভাড়া একশ’ ৭৫ টাকা হলেও বুধবার থেকে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৮০ টাকা করে ভাড়া নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে লঞ্চ মালিকদের বক্তব্য হচ্ছে, সরকারের নির্ধারিত ফিসহ ট্যাক্স কমালে ভাড়া আরও কমানো হবে।
২০০৩ সালের ১১ মার্চ সরকার নতুন লঞ্চভাড়া নির্ধারণ করে। বিআইডব্লিউটিএ প্রথম একশ’ কিলোমিটারের জন্যে কিলোমিটার প্রতি ৭৫ পয়সা এবং এর পরবর্তী দূরত্বের জন্যে কিলোমিটার প্রতি ৬৪ পয়সা ভাড়া নির্ধারণ করে।
সম্প্রতি জ্বালানি তেল ও নৌযান যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং ট্যাক্স ও ফি দ্বিগুন হওয়ায় লঞ্চ মালিকরা বিআইডব্লিউটিএ’র কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানায় এবং প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা করার দাবি করে।
বুধবার থেকে নতুন ভাড়া কার্যকর করার কথা ছিল। কার্যকর হলে ঢাকা-বরিশাল লঞ্চ ভাড়া এক’শ ৭৫ টাকা হতো। কিন্তু লঞ্চ মালিকরা বুধবার থেকে ঢাকা-বরিশাল রুটে যাত্রীদের কাছ থেকে ৮০ টাকা করে নিচ্ছে। বুধবারের আগে ভাড়া ছিল একশ’ টাকা।
এ ব্যাপারে লঞ্চ মালিক সমিতির সহসভাপতি খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, সরকার ট্যাক্সসহ ফি কমালে লঞ্চভাড়া আরও হ্রাস পাবে।
তিনি আরও জানান, লঞ্চ মালিক সমিতির এক সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে লঞ্চ ভাড়া বাড়ানো হবে না।
