২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফর্মার ও সাইকেলের যন্ত্রাংশ আমদানিকারকরা ৫০ শতাংশ হ্রাসকৃত সুবিধা পাবেন

২০০৫-০৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও বাইসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানকে খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ট্রান্সফর্মার ও বাইসাইকেলের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে এর আগে ১৫ শতাংশ শুল্ক দিতে হত। প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার সংসদে তার বাজেট বক্তৃতায় ট্রান্সফর্মার উৎপাদনে যন্ত্রাংশ আমদানির গুরুত্ব বিবেচনা করে এক্ষেত্রে কর কমিয়ে আনার প্রস্তাব করেন।

তিনি বলেন, দেশে এখন মানসম্পন্ন ট্রান্সফর্মার তৈরি হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে আমরা তা বিদেশে রফতানি করছি।প্রয়োজনীয় সহায়তা ও আমদানি নিয়ন্ত্রণ সুবিধা দিলে এ শিল্পে আরও উন্নয়ন ঘটবে।

ঠিক একই যৌক্তিকতা ও নীতির দিক থেকে তিনি স্থানীয় বাইসাইকেল উৎপাদনে যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে হ্রাসকৃত সুবিধা দানের প্রস্তাব করেন।

ট্রান্সফর্মার ও সুইচগিয়ার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন তাদের বাজেট প্রস্তাবে বলেছে, যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে উচ্চ আমদানি শুল্ক দেশে এ শিল্পের বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা।

২০০৫-০৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে তারা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দাবি করেছিল।